জিএসএমএ পুরস্কার পেল ‘বিবিসি জানালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ১৬তম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জিএসএমএ পুরস্কার পেয়েছে বিবিসি জানালা। গণমাধ্যমের নানা ক্ষেত্র ব্যবহার করে ইংরেজি ভাষা শিখতে সহায়তা করার উদ্যোগ হিসেবে ‘বেস্ট প্রোডাক্ট, ইনিশিয়েটিভ অব সার্ভিস ফর আন্ডারসার্ভড সেগমেন্টস’ বিভাগে এ পুরস্কার পায় বিবিসি জানালা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিশ্বজুড়ে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান সংগঠন জিএসএমএ (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন) এই পুরস্কার দেয়। জিএসএমএ গঠিত হয়েছেইউরোপিয়ান কনফারেন্স অব পোস্টাল অ্যান্ড টেলিকমিউনিকেশনস অ্যাডমিনিস্ট্রেশনসের উদ্যোগে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতিমধ্যে ২১৯টি দেশের ৮০০টি মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিবিসি জানালা এই সেবার মাধ্যমে মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সাধারণ মানুষদের সহজে ও সাধ্যের মধ্যে ইংরেজি শিখতে সাহায্য করছে। বিবিসি জানালা সম্পর্কে বিচারকেরা বলেছেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে ইংরেজি শিক্ষার এই কার্যক্রমটি ইন্টারনেট, টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে পরিচালিত একটি সমন্বিত প্রক্রিয়া। এতে ইংরেজি শিখতে আগ্রহী যে কেউ, এমনকি যাঁদের দৈনিক আয় দুই পাউন্ড অর্থাৎ ২৪০ টাকারও কম, তাঁরাও সহজে ইংরেজি শিক্ষা মোবাইলে শুনতে পারছেন এবং তা সংগ্রহ করে (ডাউনলোড) রাখতে পারছেন। এটি সত্যিই একটি চমৎকার সেবা।’যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আওতাভুক্ত ইউকেএইডের অর্থায়নে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের দুই কোটি ৫০ লাখ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্যে বিবিসি জানালা পরিচালিত হচ্ছে। ২০০৯ সালের নভেম্বরে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট ‘বিবিসি জানালা’ সেবাটি চালু করে। ইতিমধ্যে প্রায় ৩০ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর কাছে বিবিসি জানালার এই সেবা জনপ্রিয়তা অর্জন করেছে। মোবাইল ফোন ছাড়াও অসংখ্য মানুষ টেলিভিশনে ধারাবাহিক বিশ্বাস ও ইংরেজি শিক্ষামূলক গেম শো ‘বিবিসি জানালা—মজায় মজায় শেখা’ দেখছে এবং প্রথম আলোয় বিবিসি জানালার ইংরেজি পাঠ পড়া ও সংগ্রহ করে রাখার সুযোগ পাচ্ছে। পুরস্কার পাওয়ার পর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের হেড অব ইন্টারঅ্যাকটিভ সারা চেম্বারলিন বলেন, ‘মোবাইল প্রযুক্তি ব্যবহার করে কীভাবে লাখ লাখ সাধারণ মানুষের সামর্থ্যের কাছে মানসম্পন্ন শিক্ষাসেবা প্রদান করা যায়, বাংলাদেশে আমরা তার চমৎকার দৃষ্টান্ত দেখলাম।’ বিবিসি জানালার ওয়েব ঠিকানা www.bbcjanala.com।