জিওনি এখন বাংলাদেশে
ইলাইফ এস ৭ নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। ১৯ এপ্রিল ‘গ্র্যান্ড লঞ্চ ইন বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
জিওনির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বৈশ্বিক বিপণন পরিচালক মি. ফ্রাঙ্ক এবং বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক মি. ফিদেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে জিওনির ব্যবসায়িক অংশীদার ও সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত ৫০ জনের হাতে ফ্ল্যাগশিপ ইলাইফ এস ৭ স্মার্টফোনটি উপহার হিসেবে তুলে দেয় জিওনি।
অনুষ্ঠানে জিওনির প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লু এক ভিডিও বার্তায় জানান, ‘বাংলাদেশ স্মার্টফোনের একটি সম্ভাবনার বাজার। এই বাজারে শীর্ষস্থানে আসতে জিওনি সব ধরনের চেষ্টা করবে। জিওনি স্মার্টফোন তৈরিতে গবেষণা, নকশা, প্রযুক্তি প্রভৃতি বিষয়ে অধিক গুরুত্ব দেয়।’

জিওনির বৈশ্বিক বিপণন পরিচালক মি. ফ্র্যাঙ্ক বলেন, ২০১১ থেকে জিওনি ইতিমধ্যে ভারত, নাইজেরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইনসহ বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ৪২টি দেশের পর ৪৩ তম দেশ হিসেবে জিওনি বাংলাদেশে যাত্রা শুরু করল।
অনুষ্ঠানে ফ্যাশন শোর মাধ্যমে জিওনি ৬টি হ্যান্ডসেট প্রদর্শন করে যার মধ্যে দুটি ফিচার ফোন। জিওনির সর্বশেষ স্মার্টফোন ইলাইফ এস ৭ অনুষ্ঠানে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে পরিচয় করিয়ে দেন জিওনির কর্মকর্তারা। অনুষ্ঠানে ফ্যাশন শো ছাড়াও এলইডি প্রদর্শনী ও শিল্পী মিলার পরিবেশনা ছিল।
বাংলাদেশে জিওনির বিপণন ব্যবস্থাপক রাহিম ইবনে মোবারক বলেন, ১৬ গিগাবাইট স্টোরেজ ক্ষমতার জিওনির ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ৩২ হাজার ৯৯৯ টাকা দামে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে।