জিন নিয়ে জানতে

২৫ এপ্রিল ইয়ং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশের (ইয়ংবিবি) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহায়তায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিজ্ঞানভিত্তিক সম্মেলন। ডিএনএ আবিষ্কারের ৬১তম বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করেন৷ দিনব্যাপী এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা জীবপ্রযুক্তিবিষয়ক বিজনেস আইডিয়া, গবেষণামূলক প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করেন।
বিজনেস আইডিয়া বিভাগে ‘ন্যাচার এগার ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক অনবদ্য উপস্থাপনার জন্য পুরস্কার জিতে নেয় ঢাবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের হাসান আল রেজা, সৈয়দ হাসান ইমতিয়াজ ও শাহাদাত হোসেনের দল। মৌলিক গবেষণায় ওয়েট ল্যাব বিভাগে পুরস্কার জিতে নেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের দল। আর ড্রাই ল্যাব বিভাগ ও পোস্টার প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল।