জিন 'কাট-পেস্ট' করে কুকুরের জন্ম

বৈজ্ঞানিক কল্পকাহিনিতে হয়তো জন্মের আগেই ঠিকঠাক করে রাখা বা নকশা করে রাখা শিশু (ডিজাইনার বেবি) ও ‘সম্পাদনা করা’ মানুষের জন্মের ঘটনার কথা শুনেছেন। কিন্তু এখন তা বাস্তবতার কাছাকাছি চলে এসেছে।
চীনের একদল গবেষক দাবি করেছেন, তাঁরাই প্রথম জিন সম্পাদনা পদ্ধতি ব্যবহার করে জন্মের আগেই ঠিকঠাক করে ‘নকশা করে রাখা’ কুকুর ছানার (ডিজাইনার ডগস) জন্ম দিতে পেরেছেন। এই কুকুরছানাগুলো বিশেষ বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে।
টিয়াংগু ও হারকিউলিস নামের বিগল প্রজাতির দুটি কুকুর ছানাকে বাড়তি পেশিবহুল করে জন্মাতে সাহায্য করার দাবি করেছেন চীনের গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথের গবেষকেরা। এ প্রজাতির কুকুরের মায়োস্টাটিন নামের একটি জিন সরিয়ে দিয়ে এ পরিবর্তন ঘটান তাঁরা।
গত সপ্তাহে জার্নাল অব মলিকুলার সেল বায়োলজিতে গবেষণার ফলাফল প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, এ গবেষণার লক্ষ্য ছিল, অন্য ডিএনএর সংমিশ্রণ ঘটিয়ে কুকুরের জন্ম দিয়ে দেখা। এ ছাড়াও মানুষের ক্ষেত্রে পারকিনসন ও পেশির কিছু রোগের চিকিৎসা পদ্ধতি পরীক্ষার জন্য কুকুর নিয়ে এ ধরনের গবেষণা করা হয়েছে।
এ ক্ষেত্রে জিন সম্পাদনার প্রযুক্ত ‘সিআরআইএসপিআর-ক্যাস-৯’ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন চীনা গবেষকেরা। এটি অনেকটাই কম্পিউটারের ‘কাট-অ্যান্ড-পেস্ট’ প্রক্রিয়ার মতো। ডিএনএর নির্দিষ্ট অংশ কেটে এনে জীবন্ত প্রাণীর ডিএনএতে বসিয়ে দেওয়া হয় এ পদ্ধতিতে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ চার্চ বলেন, ‘মানুষসহ যেকোনো প্রাণীর কোষে ডিএনএ সম্পাদনার ক্ষেত্রে এটিই সবচেয়ে ভালো ও দক্ষ পদ্ধতি।’
চীনের গবেষকেরা তাঁদের গবেষণার জন্য ৬০ টিরও বেশি কুকুরের ভ্রূণে জিনগত পরিবর্তন ঘটান। তাঁরা অতিরিক্ত পেশি তৈরিতে বাধা হয়ে দাঁড়ানো জিন মায়োস্টাটিন সরিয়ে ফেলেন। এতে বিগলের শরীরে অতিরিক্ত পেশি তৈরি হয়। শেষ পর্যন্ত যে ৬৫টি ভ্রূণে পরিবর্তন ঘটানো হয় তার মধ্যে ২৭টি ছানা জন্ম নেয়। এর মধ্যে মাত্র দুটি ছানার ক্ষেত্রে (একটি পুরুষ ও একটি নারী) সমস্যা দেখা দেয়।
টিয়াংগু নামের নারী বিগলটিতে অন্য ছানাগুলোর চেয়ে অতিরিক্ত পেশি দেখা যায় আর হারকিউলিসের ক্ষেত্রে কিছু মায়োস্টাটিন বৈশিষ্ট্য চোখে পড়ে।
মাত্র কয়েক সপ্তাহ আগে বেইজিং জিনোমিকস ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়, তারা নকশা করা ক্ষুদ্র শূকরছানা তৈরি করছে যা পোষা প্রাণী হিসেবে কিনতে পাওয়া যাবে।
তবে এই পদ্ধতিটি খুব সাধারণ হওয়ায় মানুষের ক্ষেত্রে ব্যবহার হওয়ার আশঙ্কাও রয়ে গেছে। এ বছরের এপ্রিল মাসে আরেকটি চীনা প্রতিষ্ঠান তাদের গবেষণাগারে মানুষের ভ্রূণ নিয়ে পরীক্ষার কথা জানালে বিষয়টি নিয়ে শোরগোল ওঠে। ওই প্রতিষ্ঠানটির দাবি ছিল, বেটা-থ্যালাসেমিয়া রোগ সারাতে তারা মানবভ্রুণ নিয়ে এ গবেষণা চালিয়েছে।
হার্ভার্ডের অধ্যাপক চার্চ বলেন, ‘আমরা শূকরছানা ও বানরের ভ্রূণ সম্পাদনা করেছি। এটা নিরাপদ হতেও পারে। শিশু বা প্রাপ্তবয়স্ক পর্যায়ে এটি নিয়ে কাজ করার চেয়ে এটি ভ্রূণ বা শুক্রাণু পর্যায়ে করে ফেলতে হয়।’
উদাহরণ হিসেবে চার্চ বলেন, অনেক সময় অন্ধত্ব দূর করতে জিন সম্পাদনা করা যায়। তবে তা শিশু অবস্থায় করে ফেলতে হয়। তাদের নিউরন শক্ত হয়ে গেলে তা করতে সমস্যা হয়।
গবেষক চার্চ বলেন, কিন্তু এ প্রযুক্তিটি যেহেতু একেবারেই নতুন, এর দীর্ঘমেয়াদি প্রভাব এখনো অজানা। তাই প্রাণী ও প্রাপ্তবয়স্কদের আগে পরীক্ষা করে দেখাই শ্রেয়। তথ্যসূত্র: টেলিগ্রাফ অনলাইন।
আরও পড়ুন: