জিপি অ্যাকসেলেরেটরের সেরা পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মে রাজধানীর জিপি হাউসে অনুষ্ঠিত জিপি অ্যাকসেলেরেটরের ডেমো ডেতে বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের সামনে নিজেদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন জিপি অ্যাকসেলেরেটর কর্মসূচির শীর্ষ পাঁচ নতুন ব্যবসায় উদ্যোগের (স্টার্টআপ) উদ্যোক্তারা। ইনোভেশন, সেবা, রেপ্টো, ক্যান্ডি এবং শেয়ার নামের শীর্ষ এই পাঁচ স্টার্টআপ ব্যবসা শুরুর জন্য ১০ লাখ টাকা ও জিপি হাউসে কাজ করার সুযোগ পেয়েছেন। ‘স্টার্টআপ বাজার’ নামের একটি প্রারম্ভিক কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় ডেমো ডে। এ সময় উপস্থিত অতিথিরা জিপি স্টার্টআপের এই দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, ‘দেশের জন্য উপযুক্ত অ্যাপ্লিকেশন ও সেবা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল যুগের সূচনা করতে এই তরুণ উদ্যোক্তারা অংশীদার হয়ে আমাদের সহায়তা করতে পারেন।’
গত বছরের অক্টোবরে বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে পাঁচ তরুণ ও মেধাবী উদ্যোক্তা খুঁজে বের করতে এসডি এশিয়ার সঙ্গে যৌথভাবে জিপি অ্যাকসেলেরেটর কর্মসূচি শুরু করে গ্রামীণফোন। বাছাই প্রক্রিয়ায় জিপি অ্যাকসেলেরেটরের শীর্ষ পাঁচ স্টার্টআপ নির্বাচন করা হয়। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রথম ব্যাচের উদ্যোক্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি