জিপিএ-৫ পাওনি যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা এখন ভর্তি প্রস্তুতির। মডেল: আর্নি, ছবি: মাহবুবা ইয়াসমিন
সময়টা এখন ভর্তি প্রস্তুতির। মডেল: আর্নি, ছবি: মাহবুবা ইয়াসমিন

এইচএসসির ফল প্রকাশিত হওয়ার পর থেকে মায়িশার মুখের দিকে তাকানো যাচ্ছে না। অল্পের জন্য জিপিএ-৫ পায়নি সে। দুশ্চিন্তায় ঘুম নেই, উষ্কখুষ্ক চেহারা, চোখের নিচে কালি, নাওয়া-খাওয়ারও নাকি ঠিক-ঠিকানা নেই। ওদিকে শিপনের অবস্থাও একই রকম। সব সময় এক বিলাপ, ‘আমার সাত বন্ধুর সবাই জিপিএ-৫ পেয়েছে, আমি ছাড়া। আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না।’অল্পের জন্য জিপিএ-৫ না-পাওয়া মায়িশা-শিপনের সংখ্যা কয়েক লাখ। পরীক্ষার ফল প্রত্যাশিত মাত্রায় ভালো না হওয়ায় তাদের এখন নৈরাশ্যের সঙ্গে বসবাস। কিন্তু আমাদের চারপাশে এমন উদাহরণ যথেষ্টই রয়েছে, যাঁরা এসএসসি কিংবা এইচএসসির কোনো একটিতে জিপিএ-৫ না পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন এবং শিক্ষাজীবনে সর্বোচ্চ সাফল্য দেখিয়েছেন।বিশ্বাস হচ্ছে না? চলো, এ রকম কয়েকজনের গল্প শোনা যাক। যেমন ফাহমী আহসান। ‘এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলাম, কিন্তু এইচএসসিতে পেলাম ৪.৭০। একটু হতাশ হয়ে পড়লেও মনোবল হারাইনি। কঠোর অধ্যবসায় শুরু করে দিই। শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে ভর্তি হতে সক্ষম হই।’ বলছিলেন ফাহমী। সম্প্রতি তিনি এই বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিবিএ সম্পন্ন করেছেন। আরও উদাহরণ চাইলে শাফায়াত হোসাইনের গল্প শোনা যেতে পারে। শাফায়াত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তরুণ শিক্ষক। ‘আমার সব কটি বিষয়ে জিপিএ-৫ ছিল না। তার পরও বুয়েটে চান্স পেয়েছি। এমনকি ভালো ফল করে বুয়েটের শিক্ষক হয়েছি। সুতরাং, জিপিএ-৫ পাওয়াটা মূল বিষয় নয়; মূল বিষয় হচ্ছে যেকোনো জায়গা থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব।’ বলছিলেন শাফায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পাস করা জাফরিন রেজোয়ানা এইচএসসিতে জিপিএ-৫ পাননি। কিন্তু তিনিও ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা করলে সব সম্ভব। সুতরাং, তোমরা যারা অনেকটা না জেনে, না বুঝেই হতাশায় খাবি খাচ্ছ, তারা এখন নিশ্চয় বুঝতে পারছ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জিপিএ-৫ পাওয়া প্রধান শর্ত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা জিপিএ-৫-এর অনেক কম। তোমরা একটু খোঁজ করলেই জানতে পারবে, গত বছরের ভর্তিতথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞান শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদ দিয়ে একত্রে মোট জিপিএ-৮.০০ থাকলেই হয়। তেমনি ‘খ’ ইউনিটের জন্য চতুর্থ বিষয় বাদ দিয়ে একত্রে মোট জিপিএ-৭.০০, ‘গ’ ইউনিটের জন্য চতুর্থ বিষয় বাদ দিয়ে একত্রে মোট জিপিএ-৭.৫০ এবং ‘ঘ’ ইউনিটের জন্য চতুর্থ বিষয় বাদ দিয়ে একত্রে মোট জিপিএ-৭.০০ পেতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ভর্তির জন্য জিপিএ-৩.৫ পেতে হয়। ‘খ’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) জন্য জিপিএ-৩.৫ এবং ‘গ’ ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) জন্য জিপিএ-৩.০০ থাকলেই চলে।

এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার দিকে তাকানো যাক। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় একসঙ্গে কমপক্ষে জিপিএ-৮.০০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৩.৫০ থাকতে হয়।

আর বুয়েট? বুয়েটে ভর্তি পরীক্ষায় চারটি বিষয়ে জিপিএ-৫ পেলেই চলে; এখানে বাংলা ও জীববিজ্ঞানে জিপিএ-৫ না পেলেও চলে। শুধু গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে একত্রে মোট জিপিএ ২০ পেলেই চলে।

ওপরের নানা তথ্য থেকে তুমি নিশ্চয় বুঝতে পারছ, এইচএসসিতে ৪.৮ কিংবা ৪.৫ জিপিএ পেলেই সব সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না; বরং তোমার জন্য সব দরজা খোলাই আছে। কঠোর অধ্যবসায় আর দৃঢ় মনোবল থাকলে তোমার হাতে সাফল্য এসে আপনিই ধরা দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় যেখানে জিপিএ-৫ প্রয়োজন হচ্ছে না, সেখানে অন্য বিশ্ববিদ্যালয়ের চাহিদা আরও কিছুটা কম বা কাছাকাছি। সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে মেধা যাচাইয়ের সুযোগ তো রয়েছেই।

এ বছর মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ডসহ জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন। কিন্তু সব পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিয়েও এত আসন নেই। কাজেই লড়াইটা হবে মেধার, জিপিএ-৫-এর নয়। সুতরাং, যে কথাটি সব সময় মনে রাখা জরুরি, তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটি তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে জায়গা করে নিতে হলে প্রতিযোগিতা করেই নিতে হবে। অতএব, বুদ্ধিমানেরা কিন্তু বসে নেই। তারা ইতিমধ্যেই এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেকে যোগ্য করে তোলার কাজে উঠেপড়ে লেগেছে। এবার পালা তোমার। সুতরাং, হাল ছেড়ো না বন্ধু...।