জিপিএ-৫ শেষ কথা নয়

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মানদণ্ড শুধু জিপিএ-৫ নয়। গত বছরের ঘটনা তোমাদের নিশ্চয় মনে আছে। সরকার যখন সিদ্ধান্ত নিল, মেডিকেল কলেজের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, তখন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ অনেকে রাস্তায় নেমে এল। আন্দোলন করল ভর্তি পরীক্ষা চালু রাখার জন্য। সেসব আন্দোলনকারী শিক্ষার্থীর অনেকে কিন্তু জিপিএ-৫ পেয়েছিল। তার পরও তারা আন্দোলন করেছে। কারণ, মেডিকেলে যে সংখ্যক আসন রয়েছে, তাতে জিপিএ-৫ প্রাপ্ত সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। তাই শুধু জিপিএ-৫ পেলেই ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়—এ ধারণা সঠিক নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার ব্যাপারটি নির্ভর করে প্রস্তুতির ওপর, তুমি কেমন পরীক্ষা দিলে তার ওপর।আরেকটি কথা মনে রাখবে, জিপিএ-৫ পেলেই আলোকিত মানুষ হওয়া যায় না। সাম্প্রতিক সময়ে খবরের কাগজে অনেক ঘটনায় তোমরা দেখবে, অনেকে নামীদামি প্রতিষ্ঠানে পড়ছে, কিন্তু তাদের নৈতিক শিক্ষার অভাব রয়েছে। নানা অপকর্মের সঙ্গে তারা জড়িয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে পরিবার হচ্ছে মানুষের জন্য আসল বিশ্ববিদ্যালয়।আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বর্তমান শিক্ষাব্যবস্থায় সবাই ব্যবসায় শিক্ষা, প্রকৌশল বা মেডিকেলের দিকে ঝুঁকছে। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। তোমরা কৃষিবিদ হয়ে এ খাতে কাজ করতে পারো। এখন তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। বিশেষ করে, ‘আউটসোর্সিং’কে অনেকে পেশা হিসেবে নিয়েছে। নিজের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এসব বিষয়েও পড়াশোনা করা যায়। আসলে নিজেকে শ্রেষ্ঠ করা যায় নিজের মেধা আর সৃজনশীলতায়। তাই তোমরা যারা জিপিএ-৫ পাওনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইতিবাচক ধ্যান-ধারণা আর অদম্য ইচ্ছাশক্তি যেকোনো মানুষকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে—নিজের ওপর এই আস্থা রাখতে হবে।
l সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা