জিপিএ-৫ পাওয়া নাছরিনের লেখাপড়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসিতে মেয়ের জিপিএ-৫ পাওয়ার খবর জেনে যেতে পারলেন না সৌদি আরবে আগুনে পুড়ে নিহত নোয়াখালীর সেনবাগের জাকির হোসেন।
আনন্দের খবরেও গতকাল শনিবার নিহত জাকিরের বাড়িতে কান্নার রোল পড়ে।
ফলাফল জানতে দুপুরে মুঠোফোনে ফোন করতেই অপর প্রান্ত থেকে নাছরিন আক্তার বিলাপ করতে করতে বলতে থাকে— ‘আমার বাবা যদি আজ বেঁচে থাকত কত খুশি হতো। বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার এই ফলাফল কাকে জানাব। ফল শুনে কে আমাকে কাছে টেনে নিবে।’
১৩ মে সৌদি আরবে আগুনে পুড়ে নিহত নয়জনের একজন জাকির হোসেন। গতকাল শনিবার দুপুরে নাছরিন এসএসসির ফলাফলের জন্য স্থানীয় শেরেবাংলা উচ্চবিদ্যালয়ে গিয়ে জিপিএ-৫ পেয়েছে শুনে সেখানেই কান্নায় ভেঙে পড়ে।
এ সময় তার কান্না আর আহাজারি দেখে তার সহপাঠীরাও কান্না ধরে রাখতে পারেনি। নাছরিন বিজ্ঞান শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরে সহপাঠীরা নাছরিনকে বাড়িতে নিয়ে এলে ভালো ফলাফলের খবর শুনে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবর্তে কান্নার রোল পড়ে।
নাছরিনের মা হাছিনা বেগম বলেন, আজ তাঁর স্বামী বেঁচে থাকলে এই পাসের কথা শুনলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি সব সময় ফোনে মেয়েকে ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য উপদেশ দিতেন।
নাছরিন আক্তার প্রথম আলোকে জানায়, এর আগে পঞ্চম শ্রেণির বৃত্তি ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি পাওয়ার পর তার বাবা খুব খুশি হয়েছিল।
এসএসসি পরীক্ষার আগে প্রায়ই ফোন করে খোঁজ নিতেন। নাছরিনের ভাষ্যমতে, বাড়িতে তাদের ঘরের ভিটিও নেই। বাবা মারা যাওয়ায় এমনিতেই তাদের পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
এ অবস্থায় ভালো ফলাফল করলেও আর্থিক অসচ্ছলতার কারণে কলেজে পড়াও অনিশ্চিত।