জিমেইলে অপ্রয়োজনীয় বার্তা মুছুন সহজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবভিত্তিক ই-মেইল আদান-প্রদানের সেবা জিমেইলে অনেক বার্তা একসঙ্গে সরানো, মুছে ফেলা বা চিহ্নিত করার প্রয়োজন পড়লে সেগুলো নির্বাচন করে নিতে হয়। কিন্তু প্রথম দেখায় মনে হয়, চোখের সামনে যতগুলো বার্তা দেখা যাচ্ছে, শুধু সেগুলোই একত্রে নির্বাচন করা সম্ভব। এ ক্ষেত্রে জিমেইলের সীমাবদ্ধতা হলো, ১০০টির বেশি বার্তা একসঙ্গে দেখায় না। ফলে নিজের ই-মেইল অ্যাকাউন্টে যদি প্রচুর পরিমাণ বার্তা জমা থাকে, সেগুলো এক ক্লিক নির্বাচন করে মুছে ফেলা বা সরানোর কাজটা তবে একটু কঠিনই হয়ে যায়।
এখানে একটা কৌশল আছে। মনে রাখতে হবে, জিমেইল প্রতিটি বার্তাকে আলাদাভাবে না সাজিয়ে দুই পক্ষের বার্তাগুলো সংলাপ বা কনভারসেশন আকারে গুছিয়ে রাখে। তাই একসঙ্গে অনেক বেশি ই-মেইল বার্তা সরানো বা মোছার কাজটি করার আগে সঠিকভাবে বার্তাগুলো নির্বাচন করা জরুরি। জিমেইলের ওপরের দিকে অনুসন্ধান বাক্সটিতে নির্দিষ্ট শব্দ, বাক্যাংশ, নাম অথবা ই-মেইল ঠিকানা লিখে প্রয়োজনীয় বার্তাগুলো খোঁজার কাজ অনেক ব্যবহারকারীর জানা আছে।
এখন যদি [email protected] ই-মেইল ঠিকানাটি খোঁজা হয়, তাহলে নিজের এবং প্রতিষ্ঠানের সব বার্তা কনভারসেশন আকারে দেখাবে। কিন্তু অনুসন্ধানের ঘরে যদি from:[email protected] লিখে এন্টার করা হয়, তাহলে শুধু যেসব ই-মেইল বার্তা xyz প্রতিষ্ঠান থেকে এসেছে সেগুলোই দেখাবে। আর যদি অপঠিত বার্তাগুলো বের করতে হয়, তাহলে is:unread লিখে খুঁজতে হবে। বিষয়গুলো আরও বিস্তারিত জানা যাবে https://goo.gl/sy752s ওয়েব ঠিকানায়।
এ তো গেল নির্দিষ্ট করে অনেক বার্তা নির্বাচন করার পালা। এ পর্যন্ত যত ই-মেইল বার্তা আদান-প্রদান করা হয়েছে, সেগুলো একনজরে কীভাবে দেখা সম্ভব? এ জন্য বাঁ পাশে থাকা ফোল্ডার বা লেবেলগুলোর দিকে তাকালে More নামের বোতামের দেখা পাওয়া যাবে। প্রয়োজনে মাউস পয়েন্টার বাঁ দিকে নিয়ে গিয়ে একটু নিচের দিকে নামান বা স্ক্রল করুন, তখন এই More অপশনটি পাওয়া যাবে। এটিতে ক্লিক করলে Less লেখাটি দেখাবে এবং All Mail নামে আরেকটি অপশন পাওয়া যাবে। সব বার্তা তো পাওয়া গেল, এখন সেগুলো যদি সংখ্যায় হাজারে হাজারে হয়, তবে এত সব বার্তা নির্বাচন করা কীভাবে সম্ভব?
এবার ওপরের দিকে জিমেইল টুলবারের বাঁ পাশে থাকা চার কোনা বাক্সটিতে টিক দিন। তখন টুলবারটির নিচে একটি বার্তা সহজেই চোখে পড়বে। সেখান থেকে Select all conversations that match this search লেখাটির লিংকে ক্লিক করতে হবে। এভাবে সব বার্তা, এমনকি যেসব বার্তা বর্তমান পর্দায় দেখাচ্ছে না, সেগুলোও নির্বাচন করে কোনো ফোল্ডারে সরানো বা সবগুলো একসঙ্গে মুছে দেওয়া সম্ভব হবে।
মঈন চৌধুরী