জিমেইলের এসএমএস সংস্করণ চালু করল গুগল
ইন্টারনেট সংযোগবিহীন মুঠোফোন বা ফিচার ফোনের জন্য জিমেইলের এসএমএস সংস্করণ চালু করেছে গুগল। আফ্রিকায় ইন্টারনেট ব্যবহারের দিক থেকে পিছিয়ে থাকা ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ায় এই সেবাটি গতকাল বুধবার থেকে চালু করার ঘোষণা দিয়েছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।জিমেইল এসএমএস নামের বিনা মূল্যের এই সেবাটি ইন্টারনেট সংযোগবিহীন ফিচার ফোন বা যেকোনো মুঠোফোনেই ব্যবহার করা যাবে। গুগলের `কম্পিউটার সায়েন্স ফর হাইস্কুল' নামে শিক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে এই সেবাটি চালু করা হয়েছে। বিনা মূল্যের জিমেইল এসএমএস সেবাটি থ্রিজি বা ওয়াই-ফাই সংযোগ ছাড়াই ভয়েস ও এসএমএস সমর্থন করে এমন মোবাইল ফোনে চলবে।গুগল আফ্রিকা ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, জিমেইল এসএমএস সেবাটি ব্যবহার করে চাকরির জন্য আবেদন পাঠানো, কোনো বিষয়ে তথ্য অনুসন্ধান করা, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কোনো তথ্য বিনিময় করা, ছবি বা কোনো বার্তা আদান-প্রদান করা ও এসএমএস পাঠিয়ে যোগাযোগ করা যাবে।