জিমেইলের নতুন চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের জনপ্রিয় বিনা মূল্যের ই-মেইল সেবা জিমেইলের চেহারায় নতুনত্ব যুক্ত হয়েছে। আরও সহজ ব্যবহার, নতুন থিম ও খোঁজার উন্নত সুবিধা যুক্ত হয়েছে নতুন এ ডিজাইনে। এরই মধ্যে জিমেইল ব্যবহারকারীদের নতুন এ চেহারা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা ইচ্ছে করলে নতুন এ চেহারা চালু করতে পারেন এবং এ ব্যাপারে পরামর্শ ও অভিযোগও জানানো যাবে। গুগলের ইউজার এক্সপেরিয়েনস ডিজাইনার জেসন কর্নওয়েল এ বিষয়ে নিজের ব্লগ পোস্টে বলেন, ‘আমরা অবশেষে চূড়ান্তভাবে ব্যবহারকারীদের জন্য নতুন বৈশিষ্ট্য অবমুক্ত করতে পেরেছি। বর্তমানে এ সুবিধা যে কেউ ইচ্ছে করলে চালু করে নিতে পারবে।’ তবে খুব শিগগির সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন বলে জানান তিনি। নতুন এ চেহারার সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। যার মধ্যে রয়েছে সহজে ই-মেইল পড়ার উন্নত সুবিধা, নিজের মতো করে চ্যাট সুবিধা, ই-মেইলে থ্রেডেই ছবি দেখা, কালার, থ্রিডি ও ক্ল্যাসিক তিনটি বিষয়ের আলাদা থিম, বিভিন্ন ডিভাইস কিংবা মনিটর অনুযায়ী ইনবক্স দেখার সুবিধা ইত্যাদি। চেহারা পরিবর্তনের পাশাপাশি জিমেইলের এ ধরনের পরিবর্তন ব্যবহারকারীর পছন্দ হবে, এমনই মনে করছে গুগল কর্তৃপক্ষ। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম