জিমেইলের নতুন সুবিধায় উদ্বেগ
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জিমেইল সেবা ব্যবহারকারীরা খুব শিগগির অন্য যেকোনো জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীকে সরাসরি বার্তা পাঠাতে পারবে। ওই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা না জানলেও বার্তা পাঠানো যাবে। বার্তা পাঠানো যাবে জিমেইল এবং গুগল প্লাসে যাঁরা সাইন-আপ করেছেন, তাঁদের সবার কাছেই। নতুন এই সুবিধায় জিমেইলের সদস্যরা মেইল করার সময় ‘টু’ ঘরে ই-মেইল ঠিকানা লিখতে শুরু করলেই গুগল যোগাযোগের তালিকাটি তাঁর সামনে চলে আসবে। এই তালিকায় পরিচিতদের পাশাপাশি অপরিচিতদের নামও দেখা যাবে। তখন চাইলে সবাইকেই সরাসরি বার্তা পাঠানো যাবে। তবে কেউ চাইলে নতুন এই সুবিধা নিষ্ক্রিয় (ডিজঅ্যাবল) করতে পারবেন। গুগলের পণ্য ব্যবস্থাপক ডেভিড ন্যাকহুম গত বৃহস্পতিবার জিমেইলের ব্লগে নতুন এই সুবিধা যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন।
জিমেইল সেবায় এই নতুন সুবিধা যুক্ত হওয়ায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, ‘এতে করে ব্যক্তিগত গোপনীয়তা ব্যাহত হবে। অজানা-অচেনা মানুষেরা চাইলেই আপনাকে বিরক্ত করতে পারবে।’ কিন্তু গুগল বলছে, জিমেইলের এই নতুন ফিচারের মাধ্যমে যে কেউ বন্ধুদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের মার্ক রটেনবার্গ ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, নতুন এই ফিচার অনেক সমস্যা তৈরি করবে। গুগলের যে সুবিধা (বাজ স্নাফু) আগে ব্যক্তিগত গোপনীয়তা ব্যাহত করেছিল, এটি সে রকমই একটি। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান