জিমেইলের নিরাপত্তা নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সময় অসতর্কতার কারণে ই-মেইলের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়ে যায়। জিমেইল ব্যবহারকারীরা মোবাইল ভেরিফিকেশন চালু করে চাইলে ই-মেইলের নিরাপত্তাব্যবস্থা মজবুত করতে পারেন। এটি চালু করলে প্রতিবার ই-মেইলে ঢোকার সময় (লগ-ইন) আপনার মোবাইল ফোনে একটি সাংকেতিক নম্বর বা কোড পাঠানো হবে। ওই কোড ছাড়া ই-মেইল চালু করা যাবে না, যার ফলে হ্যাকারদের পক্ষে আপনার ই-মেইল আয়ত্তে নেওয়া সম্ভব হবে না। মোবাইল ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকুন। সবার ওপরে ডানে settings অপশনে যান, সেখান থেকে account ট্যাবের google account settings-এ ক্লিক করুন। এখন security থেকে using 2-step verification-এ ক্লিক করুন। এরপরের start setup -এ ক্লিক করুন। এখন আপনার মোবাইল নম্বর নিরীক্ষা করার জন্য একটি পৃষ্ঠা আসবে। ওই পৃষ্ঠার মেনু থেকে Text message (sms) or voice call নির্বাচন করুন।এরপর Add a mobile or landphone number where google can send code মেনুতে Bangladesh নির্বাচিত করুন এবং ডান পাশের খালি বক্সে আপনার মোবাইল ফোন নম্বর লিখুন। এখন send code-এ ক্লিক করুন। এরপর জিমেইল থেকে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোড আসবে। ওই কোডটি code লেখা বক্সে লিখে verify-এ ক্লিক করুন এবং next চাপুন। পরবর্তী পৃষ্ঠাতেও next চাপুন। এরপর Add a backup পৃষ্ঠা আসবে। এতে আপনাকে ১০টি ব্যাকআপ কোড দেওয়া হবে। যদি কোনো কারণে আপনার মোবাইল হারিয়ে যায় বা মোবাইলে এসএমএস না আসে, তাহলে ব্যাকআপ কোড দিয়ে ই-মেইল খুলতে পারবেন। তাই ব্যাকআপ কোডগুলো সাবধানে গোপন স্থানে সংরক্ষণ করে রাখুন। ব্যাকআপ কোড সংরক্ষণের পর Yes, I have a copy of my backup verification codes অপশনে টিক চিহ্ন দিয়ে next দিন। এরপরের পেজে আপনার আরেকটি বিকল্প মোবাইল নম্বর দিয়ে next চাপুন। তারপর Turn on 2-step verification অপশনে ক্লিক করলেই মোবাইল ভেরিফিকেশন চালু হয়ে যাবে। এখন থেকে প্রতিবার জিমেইল লগ-ইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পাঠানো হবে, একমাত্র ওই কোড ব্যবহার করেই জিমেইল লগ-ইন করা যাবে। —খালেদ মাহমুদ খান