জী ব বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহরে গাড়ির বায়ু দূষণ
ঢাকা শহরে গাড়ির বায়ু দূষণ

অধ্যায়-১৪ 
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৪ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করব।

# স্বপ্না পরীক্ষা শেষে ঢাকায় বেড়াতে এসেছে। ঢাকার দর্শনীয় স্থানগুলো দেখতে যাওয়ার সময় সে লক্ষ করল, কিছুক্ষণ পরপরই তার নাকে দুর্গন্ধ আসছে। এরপর তার চোখ জ্বালা-পোড়া এবং পানি পড়তে লাগল।
ক. ওজোন ঢাল কাকে বলে?
খ. শিল্পায়ন বলতে কী বোঝায়?
গ. স্বপ্নার চোখে জ্বালা-পোড়ার কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত দূষণ রোধকল্পে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় বলে তুমি মনে করো?
উত্তর: ক.

ভূপৃষ্ঠের ২৫ থেকে ৩০ কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের একটি ঘন স্তর আছে, যা পৃথিবীকে চারদিক থেকে ঢেকে রেখেছে, তাকে ওজোন ঢাল বলে।

উত্তর: খ.
মানুষের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন বা তৈরির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কলকারখানা ও যন্ত্রপাতি স্থাপন করাকে শিল্পায়ন বলে। শিল্পায়নের লক্ষ্যেই সারা পৃথিবীতে গড়ে উঠেছে নানা ধরনের শিল্পকারখানা। আগে মানুষ প্রাকৃতিকভাবে পাওয়া জিনিসপত্রের ওপর বেশি নির্ভর করত। কিন্তু মানবসভ্যতা উন্নয়নের সঙ্গে তাল রেখে শিল্পায়নও দ্রুত উন্নততর হচ্ছে।
উত্তর: গ.
স্বপ্নার চোখ জ্বালা-পোড়ার মূল কারণ বায়ুদূষণ। বায়ু বিভিন্ন প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট কারণে দূষিত হয়। কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ময়লা-আবর্জনা থেকে বের হওয়া দুর্গন্ধ বায়ুকে দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং আরও নানা ক্ষতিকারক বায়বীয় পদার্থ থাকে। এসব গ্যাস স্বপ্নার চোখে ঢুকে চোখ জ্বালা-পোড়া করে এবং চোখ দিয়ে পানি পড়ে।
উত্তর: ঘ.
উদ্দীপকে বর্ণিত দূষণটি বায়ুদূষণ। বায়ুদূষণ রোধকল্পে নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত:
১. শিল্পকারখানা আবাসিক এলাকা থেকে দূরে স্থাপন করা।
২. বৃক্ষনিধন বন্ধ এবং বেশি করে বন সৃষ্টি করা।
৩. যানবাহনে সিএনজি ব্যবহার করা।
৪. ইটের ভাটা ও কলকারখানার চিমনি উঁচু করে দেওয়া।
৫. ফসলের খেতে কীটনাশক, ছত্রাকনাশক, রাসায়নিক সার ব্যবহার নিয়ন্ত্রণ করে জৈবিক নিয়ন্ত্রণ ও জৈব সার ব্যবহার করা।
৬. বায়ু থেকে ধুলা ও ধোঁয়া অপসারণের ব্যবস্থা করা।
৭. কলকারখানার বর্জ্য ও ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণ করা।
৮. ক্ষতিকর পরাগরেণুর উদ্ভিদ চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা।
৯. যানবাহনে সিসামুক্ত জ্বালানি ব্যবহার করা।
১০. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলা।
১১. বায়ুদূষণের উৎস ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে অবহিত করা ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টিতে উদ্বুদ্ধ করা।

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা