‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে ইন্টারনেট উৎসব বিরাট ভূমিকা রাখবে। তাই প্রথম আলো ও গ্রামীণফোনের এ উদ্যোগকে স্বাগত জানাই। এ উৎসব আমাদের সবার জীবন বদলে দেবে। আমরা পাব জ্ঞানভিত্তিক একটি সমাজ।’ গতকাল শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন এ সব কথা বলেন।গতকাল কুড়িগ্রাম ছাড়াও বাগেরহাট, ময়মনসিংহ, বরগুনার আমতলী ও মৌলভীবাজারের জুড়ীতে ইন্টারনেট উৎসব হয়।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা উপহার।আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট।অনুষ্ঠানগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের সচেতনতামূলক তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: কুড়িগ্রামের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী গতকাল মেতে উঠেছিল ইন্টারনেট উৎসবে। অনুষ্ঠানের শুরুতে ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা।পরে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠ করান কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন।ঢাকা বন্ধুসভার সদস্য হাসান ইমাম সোহাগের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবিহা খাতুন, গ্রামীণফোনের বগুড়ার এরিয়া ম্যানেজার আশফাকুজ্জামান চৌধুরী ও প্রথম আলোর কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক সফি খান।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি নিজেও চেষ্টা করছি তথ্যপ্রযুক্তির আলোকে কুড়িগ্রামকে বদলে দিতে।’আই-জিনিয়াস নির্বাচিত হয় কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সোহানুর রহমান।বাগেরহাট: সকাল ১০টায় বাগেরহাট সরকারি পি সি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মণ্ডল। এ সময় তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান তরুণ শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরিমল মজুমদার, গ্রামীণফোনের বাগেরহাট-গোপালগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, সরকারি পি সি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান রেজাউল করিম, শিক্ষাবিদ মোজাফফর হোসেন ও প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি আহাদ হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন বাগেরহাট বন্ধুসভার সভাপতি পারভীন আহমেদ।খানজাহান আলী কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র শেখ হাসান হায়দার আই-জিনিয়াস নির্বাচিত হয়।প্রথম আলো বন্ধুসভার ‘স্মৃতির আলোয় বাগেরহাট বন্ধুসভা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।ময়মনসিংহ: শহরের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত উৎসবে ময়মনসিংহ সদর উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী যোগ দেয়।সকালে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. খুরশেদ উদ্দিন ঠাকুর জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।খুরশেদ উদ্দিন ঠাকুর বলেন, ‘সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছে, তা বাস্তবায়ন করতে আমাদের ইন্টারনেট ব্যবহার ও এর তাৎপর্য জানতে হবে।’প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা ঘরে বসে থাকব, কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকবে সমস্ত পৃথিবী। আমরা ইন্টারনেটের মাধ্যমে দেশকে বদলে দেব।’ গ্রামীণফোনের ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক মো. সিরাজ উদ্দিন লস্কর বলেন, ‘গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ উদ্যোগে ইন্টারনেটকে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত।’আই-জিনিয়াস নির্বাচিত হয় ময়মনসিংহ জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৈয়দ নাহিন আবরার।জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ চত্বরে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা, গ্রামীণফোনের সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা এ এস এম হেদায়েতুল হক, ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মুঈজ ও প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন।উপজেলা চেয়ার-ম্যান এম এ মুমিত বলেন, ‘আজ জাতীয় কবির ‘‘থাকব নাকো বদ্ধঘরে, দেখব এবার জগৎটাকে...’’ কবিতাটির কথা মনে পড়ছে। জগৎ দেখার এই সুযোগ করে দেওয়ার জন্য গ্রামীণফোন ও প্রথম আলো প্রশংসার দাবি রাখে।’ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মুঈজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষাজীবনে ইন্টারনেটের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা জেনেছ। এবার সেটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাও।’এখানে আই-জিনিয়াস নির্বাচিত হয় ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থী জন্মেজয় দাশ।আমতলী: জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বরগুনার আমতলী ডিগ্রি কলেজ মাঠে উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান। এরপর প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহারের শপথবাক্য পাঠ করান ঢাকা বন্ধুসভার সদস্য মো. মোস্তাফিজুর রহমান।উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে অনেক পিছিয়ে আছে। বিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়তে প্রযুক্তির ওপরই নির্ভর করতে হবে।’গ্রামীণফোনের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল ইসলাম বলেন, ‘ইন্টারনেট ছাড়া আমাদের বর্তমান জীবন অকল্পনীয়। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইন্টারনেটের শিক্ষায় আলোকিত করে তোলা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে।’আই-জিনিয়াস নির্বাচিত হয় আমতলীর এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৈয়দ মো. মারুফ হাসান।প্রথম আলোর আমতলী প্রতিনিধি খায়রুল বাশার সমাপনী বক্তব্য দেন।