এক বন্ধুর ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম ‘আমার মুঠোফোনটির তথ্য প্রসেসিং ক্ষমতা ১৯৬৯ সালে নাসার সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের ক্ষমতার চেয়েও ঢের বেশি। সেই কম্পিউটার দিয়ে তারা চাঁদে মানুষ পাঠিয়েছিল আর হাতের মুঠোয় আমাদের এই কম্পিউটারগুলো দিয়ে আমরা কী করছি? হয়তো শুধুই খুদেবার্তা পাঠাচ্ছি!’ সত্যিই, হাতের মুঠোয় থাকা খুদে যন্ত্রটা আমাদের জীবনের গতি পাল্টে দিচ্ছে, বদলে দিচ্ছে জীবনধারা। তবে এই মুঠোফোনের কার্যক্ষমতার কতটুকু ব্যবহার করতে পারছি আমরা? হয়তো সামান্যই। এগিয়ে যাওয়ার দৌড়ে নিজেদের সামনের দিকে দেখতে হলে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি তথা ইন্টারনেটে দক্ষ করে তুলতে হবে। সেই লক্ষ্যেই দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে সারা দেশে চলছে ইন্টারনেট উৎসব।দেশের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের এবারকার আয়োজন দ্বিতীয়বারের মতো। গত বছর প্রথমবারের মতো সারা দেশে ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসবের আয়োজন করা হয়। এ বছর ইন্টারনেট উৎসব হবে দেশের সব জেলার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে। চলবে অক্টোবরের ১৯ তারিখ পর্যন্ত। মহাযজ্ঞ উৎসবে তোমাকে স্বাগতমযে ভেন্যুতে উৎসব হচ্ছে সেই শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের ১০ থেকে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নিচ্ছেন এই উৎসবে। সবার জন্য ইন্টারনেট উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ১০টা থেকে। উৎসব চলে দুপুর দুইটা পর্যন্ত। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ইন্টারনেট ব্যবহারের নানাবিধ সুবিধা সম্পর্কে জানতে পারেন। সেই সঙ্গে ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন উৎসবে হাতে-কলমে দেখানো হয়। থাকে তথ্যপ্রযুক্তির চমকপ্রদ কিছু প্রদর্শনী। ‘হ্যাপিনেস মেশিন’-এ রোবটের প্রশ্নের উত্তর দিয়ে কিংবা পরাবাস্তব সত্যতা প্রযুক্তির প্রয়োগে ‘ম্যাজিক মিরর’-এ অংশ নিয়ে যে কেউ জিতে নিতে পারে তাৎক্ষণিক পুরস্কার। ‘এক্সপেরিয়েন্স জোন’-এ আছে গুগল, ফেসবুক, উইকিপিডিয়া, নকিয়া, অপেরা, গ্রামীণফোন ও প্রথম আলোর বুথ। সেখানে এই প্রতিষ্ঠানগুলোর ই-সেবার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ থাকছে সবার জন্য। সেই সঙ্গে মূল মঞ্চে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট-বিষয়ক নানা উপস্থাপনার পাশাপাশি থাকে তাৎক্ষণিক কুইজে পুরস্কার জেতার সুযোগ। আই-জিনিয়াস প্রতিযোগিতাইন্টারনেট উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের দক্ষতার ভিত্তিতে পরিচালিত আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিটি উৎসবে ১৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। তবে এই অংশগ্রহণকারীদের প্রাথমিক নিবন্ধন হয়ে যায় উৎসবের আগেই। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানের কাছে আই-জিনিয়াসের নিবন্ধন ফরম দিয়ে আসে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগীদের মনোনীত করে উৎসবে পাঠানো হয়। যারা আই-জিনিয়াস প্রতিযোগিতার প্রাথমিক নিবন্ধন করেছে, তাদের নিবন্ধন ফরমটি পূরণ করে উৎসবের দিন সকাল সাড়ে আটটার মধ্যে উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানে চলে আসতে হবে। ধাপে ধাপে আই-জিনিয়াস গ্র্যান্ড মাস্টারপ্রাথমিক নিবন্ধনকৃত ১৫০ জন শিক্ষর্থীকে উৎসবে এসে একটি বাছাই পরীক্ষায় অংশ নিতে হয়। এর মাধ্যমে ৫০ জন শিক্ষার্থী উৎসব মঞ্চে আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেকের হাতে ইন্টারনেট সংযোগসহ একটি মোবাইল ফোন দেওয়া হয়, সেই সঙ্গে একটি করে প্রশ্ন করা হয়। ইন্টারনেট ব্রাউজ করে এই প্রশ্নের উত্তর বের করতে হয় শিক্ষার্থীদের। দ্রুততম সময়ে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন নির্বাচিত হয় আই-জিনিয়াস হিসেবে। এভাবে ১২০টি উৎসব থেকে একজন করে মোট ১২০ জন আই-জিনিয়াস প্রতিযোগী নির্বাচন করা হচ্ছে। দেশসেরা এই আই-জিনিয়াসরা ঢাকায় এসে ইন্টারনেট উৎসবের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে। আর সেখান থেকেই ধাপে ধাপে নানা পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে বেছে নেওয়া হবে একজন সেরা, আই-জিনিয়াস গ্র্যান্ড মাস্টার। গ্র্যান্ড মাস্টারের জন্য নরওয়েতে শিক্ষা সফর, বিভিন্ন প্রশিক্ষণসহ থাকবে নানা পুরস্কার। চোখ রাখো প্রথম আলোয়ইন্টারনেট উৎসব কবে, কোথায় হচ্ছে সেই অনুষ্ঠানসূচি প্রতি রবি ও বৃহস্পতিবার ছাপা হচ্ছে প্রথম আলোয়। ইন্টারনেট উৎসব নিয়ে প্রতি বুধবার থাকছে ‘আই-জিনিয়াস কমিউনিটি’ পাতা। উৎসবের বিভিন্ন খবর নিয়মিত ছাপা হচ্ছে প্রথম আলোয়। উৎসবের তাৎক্ষণিক হালনাগাদসহ বিস্তারিত খবর থাকবে www.prothom-alocom সাইটে। ইন্টারনেট উৎসব সম্পর্কে আরও জানতে ও জানাতে যোগ দিতে পারো উৎসবের ফেসবুক ফ্যানপেজ facebook.com/internetutshab-এ।জীবন বদলের এই উৎসবে তোমাকে স্বাগতম।