জীবন বাঁচাবে রোবট সেনা
টার্মিনেটর চলচ্চিত্রের রোবটের মতোই দেখতে ভয়ংকর। তবে ভয় পাওয়ার কিছু নেই। এর দায়িত্ব যুদ্ধে মানব সহযোদ্ধার জীবন বাঁচানো। যুক্তরাজ্যের গবেষক ও প্রকৌশলীরা তৈরি করেছেন এই রোবট সেনা। এর নাম দেওয়া হয়েছে পোরটন ম্যান। তবে এসব রোবট এখনো যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়নি।
পোরটন ম্যান একটি অ্যান্ড্রয়েড (বিজ্ঞান কল্পকাহিনির অবিকল মানুষের মতো দেখতে রোবট)। এটি তৈরি করেছেন দক্ষিণ ইংল্যান্ডের পোরটন ডাউনে অবস্থিত ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির গবেষকেরা। জন্মস্থানের সঙ্গে মিলিয়ে এই নামকরণ।
মানবসেনার মতোই পোরটন ম্যান হাঁটতে, দৌড়াতে এবং অস্ত্র তুলে ধরতে পারে। তাই যুদ্ধক্ষেত্রেও এটি মানব সহযোদ্ধার মতোই কাজ করতে পারবে।
ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার গাড়ি তৈরির কার্বনের যৌগ দিয়ে তৈরি হয়েছে পোরটন ম্যানের শরীর। তাই এটি হালকা কিন্তু বেশ শক্ত। এর শরীরে ১০০টি শনাক্তকরণ যন্ত্র বসানো হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে রাসায়নিক, জৈবিক ও তেজস্ক্রিয় বিভিন্ন অস্ত্রের ব্যবহারেও নিরাপত্তা বর্মের কার্যকারিতা পরীক্ষা করা যায়। এভাবে নিরাপত্তা বর্মের উন্নয়নে পোরটন ম্যান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। নিউ সায়েন্টিস্ট।