জীবন রক্ষায় ইউটিউব ভিডিওতে আস্থা নয়

গুগলের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে জীবন রক্ষাকারী বিভিন্ন পদ্ধতির ভিডিও রয়েছে। কিন্তু এসব ভিডিওর ওপরে নির্ভর করা উচিত নয় বলেই সতর্ক করেছেন তুরস্কের গবেষকেরা। খবর আইএএনএসের।
গবেষকেরা দাবি করেছেন, কার্ডিও পালমোনারি রিসাকসিটেশন (সিপিআর) ও বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) প্রভৃতি ক্ষেত্রে যেসব ভিডিও রয়েছে এগুলোর মধ্যে খুব অল্পসংখ্যক ভিডিও বর্তমান স্বাস্থ্য সংক্রান্ত নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ। তাই জীবন রক্ষার ক্ষেত্রে এ ধরনের ভিডিওর ওপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না।
তুরস্কের ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞদের একটি দল গত তিন বছরে ইউটিউবে পোস্ট হওয়া ‘সিপিআর’ ও ‘বিএলএস’ সংক্রান্ত শিক্ষামূলক বিভিন্ন ভিডিও পরীক্ষা করেছেন। গবেষকেরা ২০৯ টি ভিডিও বিশ্লেষণ করে দেখেছেন মাত্র সাড়ে ১১ শতাংশ ক্ষেত্রে সিপিআর নীতিমালা অনুসরণ করা হয়েছে। তাঁদের দাবি, জীবন রক্ষাকারী বিভিন্ন ভিডিও ইউটিউবে থাকলেও সেগুলো বিষয়ের সঙ্গে প্রায়ই অসংগতিপূর্ণ।
অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিন (এসিইএম) এর ফেলো পল মিডলটন জানিয়েছেন, ‘সঠিক নিয়মনীতি বর্ণনা করে তৈরি করা ভিডিও সচেতনতা বাড়াতে ও প্রশিক্ষণের ক্ষেত্রে কার্যকর উপকরণ হলেও যোগ্য ও দক্ষ চিকিত্সকের বিকল্প হিসেবে কখনও তা ব্যবহার করা ঠিক নয়। সিপিআর ও বিএলএস দক্ষতা অর্জনের জন্য ইউটিউব ভিডিওর ওপর নির্ভরশীল না হয়ে সঠিক কোর্স সম্পন্ন করা উচিত।’