জীবন রক্ষায় থ্রিডি প্রিন্টারের সফল ব্যবহার

ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার ব্যবহার করে তৈরি প্রথম চিকিৎসাযন্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্রে একটি শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে।মার্কিন গবেষকেরা জানান, কাইবা নামের শিশুটি শ্বাস-প্রশ্বাসসংক্রান্ত বিরল সমস্যায় (ট্র্যকিওব্রংকোম্যালাসিয়া) আক্রান্ত। শ্বাসনালিতে একটি কৃত্রিম নল (টিউব) স্থাপন করার পরও সমস্যাটি কাটেনি। সমাধানের লক্ষ্যে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসাবিজ্ঞানী উদ্যোগী হন। থ্রিডি প্রিন্টারসহযোগে তাঁদের তৈরি একটি বিশেষ পাত (স্প্লিন্ট) শিশুটির শ্বাসনালিতে প্রতিস্থাপন করা হয়েছে। এটি তার শ্বাসনালি উন্মুক্ত রাখতে সহায়তা করে।প্রচলিত প্রিন্টারে কাগজের মাধ্যমে অনুলিপি তৈরি সম্ভব, যা দ্বিমাত্রিক। কিন্তু ত্রিমাত্রিক প্রিন্টারে প্লাস্টিকসহ বিভিন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে পাওয়া যায় বস্তুর অবিকল অবয়ব। এমন বস্তুর মধ্যে রয়েছে গৃহস্থালির উপকরণ থেকে শুরু করে সমরাস্ত্র পর্যন্ত। লাইভসায়েন্স।