জীবনকে সহজ করবে ফানডেল অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফানডেল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
ফানডেল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

জীবনযাপনের নানা বিষয় নিয়ে ফানডেল নামের নতুন একটি অ্যাপ চালু করল অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান স্ক্রিনশট। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য উন্মুক্ত করা ওই অ্যাপে জীবনযাপনভিত্তিক বিভিন্ন মজার ফিচার থাকবে। থাকবে বিভিন্ন পণ্যের ওপর মূল্যছাড় অফার। এটি বিনা মূল্যে প্লেস্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর ও বেসিসের পরিচালক আলমাস কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন স্ক্রিনশটের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকিত আহমেদ, সহপ্রতিষ্ঠাতা ইশতিয়াক আহমেদসহ অন্য কর্মকর্তারা।

অ্যাপ উদ্বোধনের সময় আবদুল মাতলুব আহমাদ বলেন, মানুষ এখন অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে। ভবিষ্যতে দেশে ই-কমার্সের অপার সম্ভাবনা রয়েছে। ভারতে অর্থনীতিতে অবদান রাখছে তথ্যপ্রযুক্তি খাত। বাংলাদেশেও এ খাতে এগি​য়ে যাচ্ছে। ফানডেল অ্যাপটির কার্যক্রম মুগ্ধ করার মতো। স্থানীয় অ্যাপ ব্যবহারে বেশি মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে ফাহিম মাশরুর বলেন, ‘উল্লেখ করার আমাদের দেশের কোনো অ্যাপ নেই। স্থানীয় অ্যাপ জনপ্রিয় করা প্রয়োজন। দেশীয় তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।’

স্ক্রিনশটের প্রতিষ্ঠাতা আবদুল মুকিত আহমেদ বলেন, অ্যাপটির মাধ্যমে সেলফি তুলে সামাজিক মাধ্যমে তা শেয়ার করা, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা, মতামত দেওয়া ও বাজার গবেষণা করা যাবে। অ্যাপ ব্যবহারের ফলে ব্যবহারকারী পয়েন্ট পাবেন এবং ওই পয়েন্টের মাধ্যমে মোবাইল রিচার্জসহ বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।