জীবনবৃত্তান্ত জমা দেননি ইয়াহুর প্রধান নির্বাহী!
অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন তাঁর জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভুয়া তথ্য দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, এ প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেতে তিনি কোনো জীবনবৃত্তান্ত জমা দেননি বা ভুয়া তথ্যও সরবরাহ করেননি। গতকাল বৃহস্পতিবার ইয়াহুর পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ কর্মীদের এক সভায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স। গত সোমবার পদত্যাগের দাবির মুখে ইয়াহুর সব কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে একটি মেইল পাঠিয়েছিলেন তিনি।জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য দেওয়ার বিষয়টি নিয়ে স্কট থম্পসন পদত্যাগ করবেন কি না, এ বিষয়ে ইয়াহুর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে অভ্যন্তরীণ এই সভার আয়োজন করা হয়। এর আগে ৪ মে, শেয়ারধারীদের পক্ষ থেকে ইয়াহুর ৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক থার্ড পয়েন্টের প্রধান নির্বাহী ড্যানিয়েল লোয়েব ইয়াহু পরিচালনা পর্ষদের কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে থম্পসনের শিক্ষাগত যোগ্যতার সনদ বিষয়ে তিনি তাঁর অভিযোগ জানিয়েছিলেন।ড্যানিয়েল লোয়েব তাঁর চিঠিতে উল্লেখ করেন, থম্পসন তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করেছেন—তিনি বোস্টনের স্টোনহিল কলেজ থেকে অ্যাকাউন্টিং ও কম্পিউটার সায়েন্সে স্নাতক হয়েছেন। কিন্তু জানা গেছে, তাঁর ডিগ্রিটি কেবল অ্যাকাউন্টিংয়ের ওপর, কম্পিউটার সায়েন্স বিষয়ে তাঁর কোনো ডিগ্রি নেই। তাই তাঁর নিয়োগ বৈধ হওয়ার কথা নয়। চিঠিতে তিনি অভিযোগ করেন, ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন এবং পরিচালক প্যাটি হার্ট উভয়েই তাঁদের জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে মিথ্যাচার করেছেন। এ ধরনের মিথ্যাচারের কারণে তাঁরা ইয়াহুর পরিচালনা পর্ষদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ইয়াহুর শেয়ারধারীরা ৭ মে সোমবারের মধ্যেই থম্পসনের বিরুদ্ধে তদন্ত করে তাঁর পদত্যাগ দাবি করেছিলেন।১৯৮৩ সালে স্টোনহিল কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগ চালু হয়। ১৯৭৯ সালে থম্পসন এই কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অথচ ইয়াহুতে চাকরির জন্য থম্পসন তাঁর জীবনবৃত্তান্তে এই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে তাঁর ডিগ্রি নেওয়ার কথা উল্লেখ করেন।এদিকে ইয়াহুর এক মুখপাত্র জানিয়েছিলেন, প্রধান নির্বাহীর শিক্ষাগত যোগ্যতায় যে গরমিল দেখা গেছে, তা অনিচ্ছাকৃত ভুল। ইয়াহু বোর্ড বিষয়টি খতিয়ে দেখেছে এবং অভ্যন্তরীণ সভায় বিষয়টি সমাধানের পথ খুঁজে দেখা হচ্ছে। এরপর কর্মীদের কাছে ক্ষমা চেয়ে মেইলে থম্পসন বলেন, ‘বিষয়টি ইয়াহু ও আপনাদের ক্ষতির কারণ হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সবাইকেই এই প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এ বিষয়টি উল্টো প্রভাব ফেলেছে। এর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বিষয়টির শিগগিরই ইতি ঘটবে বলেই আমি আশাবাদী। আর এ সময়, আমাদের আরও কাজ করতে হবে।’ইয়াহুর প্রধান নির্বাহী জীবনবৃত্তান্ত জমা দেওয়ার কথা অস্বীকার করলেও ইয়াহুর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি। এদিকে, ইয়াহুর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) প্যাটি হার্ট ইয়াহু থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন।ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু ইনকরপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে গত ৪ জানুয়ারি স্কট থম্পসনের নাম ঘোষণা করে ইয়াহু পরিচালনা পর্ষদ। গত ৯ জানুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি ইয়াহুকে লাভে ফেরাতে কর্মী ছাঁটাই, সাইট বন্ধসহ বেশকিছু পদক্ষেপ নেন। তাঁর পদক্ষেপের ফলে দীর্ঘ সময় পর চলতি বছরের প্রথম তিন মাসে লাভের মুখ দেখেছে ইয়াহু। ইয়াহুতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার আগে থম্পসন অনলাইন সেবা ইবের অনলাইন পেমেন্ট বিভাগ পেপলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।