
‘মুক্তিযুদ্ধ যেন এখানে জীবন্ত। মুক্তিযুদ্ধের ছবি, দলিল, স্মারক কিংবা শহীদ যোদ্ধাদের ব্যবহৃত নানা অনুষঙ্গ আমাকে নিয়ে গেছে সেই অগ্নিঝরা দিনগুলোতে।’ জানাচ্ছিলেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী নিবেদিতা সাহা। গত ২১ মার্চ তাঁরা দলবেঁধে এসেছিলেন ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে।
জাদুঘরের তিনতলা ভবনটির নিচতলা থেকে লাল রঙে সংকেত মাফিক এগিয়ে যেতে যেতে জানা যাবে প্রাচীন বাংলার ইতিহাস, ঐতিহ্য থেকে ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তানবিরোধী আন্দোলন ও বাংলাদেশের অভ্যুদয়ে লাখ লাখ মানুষের আত্মত্যাগের ইতিহাস। আর সেই ইতিহাসের খোঁজেই জাদুঘরে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শুভ দত্ত ও মঈনউদ্দিন। মঈনউদ্দিন জানাচ্ছিলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ জাদুঘর দেখেছিলাম। তখনই ভেবেছিলাম জাদুঘর দেখতে আসব, তাই আসা।’ এ দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি ভবনের দ্বিতীয়তলার চতুর্থ কক্ষে। সেখানে একটি বাক্সের দিকে আনমনে তাকিয়ে আছেন কয়েকজন। বাক্সটা ভর্তি মানুষের হাড়গোড় আর মাথার খুলিতে! বাক্সের গায়ে লেখা-‘মিরপুর মুসলিমবাজার ও জল্লাদখানা বধ্যভূমি থেকে উদ্ধার করা শহীদদের কঙ্কাল ও মাথার খুলি।’ পাকিস্তানি নরপিশাচদের ভয়াবহ নির্মমতার সাক্ষী যেন এই গ্যালারি।
জাদুঘর ঘুরে নিচে নামতেই দেখা মিলল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থীদের। মিলনায়তনে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখা শেষে এখানে তাঁরা অংশ নিয়েছেন কুইজ পর্বে। নাজিয়া নাসরীন ও প্রিয়াঙ্কা রহমান জানাচ্ছিলেন, ‘মুক্তিযুদ্ধ সম্পর্কে বইয়ের পাতায় পড়া ইতিহাসটুকুই জানতাম। কিন্তু জাদুঘরে এসে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সম্পর্কে না হলে যে অনেকটা অজ্ঞই থেকে যেতাম।’ মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বই, স্মারক বা সে সময়ের পোস্টার সংগ্রহ করা যাবে লাইব্রেরি থেকে। জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেল, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে দলগতভাবে আসতে বা জাদুঘর মিলনায়তনের ও ক্যাফে থিয়েটার ভাড়া নিতে চাইলে মহাব্যবস্থাপক বরাবর আগে থেকে আবেদন করতে হয়। জাদুঘরের কার্যসূচি কর্মকর্তা রনিকা ইসলাম জানান, জাদুঘরে প্রবেশ ফি পাঁচ টাকা। সপ্তাহে প্রতি রোববার ও সরকারি ছুটির দিন বাদে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। তবে শীতকালে খোলা রাখা হয় বিকেল পাঁচটা পর্যন্ত।