জীবন্ত ছবির ছোট ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই দশক আগেও ক্যামেরার আকার ছিল বড়সড়। বর্তমানে এটি এতই ক্ষুদ্রাকৃতির হয়েছে যে কোথাও লুকিয়ে রাখলে তা খুঁজে বের করা কঠিন ব্যাপার। তবে ‘লিট্রো’ নামের একটি ছোট ক্যামেরা সম্প্রতি ব্যাপক শোরগোল ফেলেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ছোট ক্যামেরাটি সহজেই মাত করে দেবে দুনিয়ার বাজার। নতুন এই ক্যামেরায় ছবিটা আগে তোলে তারপর কম্পিউটার স্ক্রিনে নিজের ইচ্ছামতো পাল্টে দিতে পারবেন ছবির ফোকাস। এই ক্যামেরার মাধ্যমে আপনি ছবিটা আগেই ‘শুট’ করতে পারবেন এবং ‘ফোকাস’টা পরে সেট করতে পারবেন। দেখতে টেলিস্কোপের মতো ছোট এই ক্যামেরাটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী কিছু সেন্সর। সেন্সরগুলো প্রচলিত ক্যামেরার চেয়ে অনেক বেশি পরিমাণ আলো ধরতে পারে। আর এই লাইট ফিল্ড প্রযুক্তিকে কাজে লাগিয়েই ছবির ফোকাস পয়েন্ট পাল্টানোর কাজটি করা হয়েছে।রেন নম্বর নামের একজন পিএইচডি গবেষক আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে গবেষণা করতে করতেই এটি আবিষ্কার করেন। পরবর্তীকালে ‘লিট্রো’ কোম্পানি এটি বাজারে আনে। এই ক্যামেরায় তোলা প্রতিটি ছবিকেই তিনি ‘লিভিং পিকচারস’ অর্থাৎ ‘জীবন্ত ছবি’ বলে উল্লেখ করেছেন। মজার ব্যাপার হলো, ক্যামেরার ১৬ গিগাবাইট মডেলে ছবি তোলা যাবে ৭৫০টি। দাম পড়বে প্রায় ৩৫ হাজার টাকা। অন্যদিকে ৮ গিগাবাইট মডেলে ছবি তোলা যাবে ৩৫০টি এবং দাম প্রায় ২৮ হাজার টাকা। তবে কিছুটা আপসোস, লিট্রো ক্যামেরা থেকে ছবিগুলো এখনো সব ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। বর্তমানে শুধু ম্যাকিনটশ কোম্পানির কম্পিউটারেই কাজ করা যায় লিট্রোর ছবিগুলো নিয়ে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এটিকে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী করার উদ্যোগ নিয়েছে লিট্রো কর্তৃপক্ষ। —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা