জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান থেকে একটি সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

# বিজ্ঞানের ছাত্রী শিরোপা অণুবীক্ষণ যন্ত্রে T2 ফাজ ও Clostridium দেখছিল এবং সিফাত বাহ্যিক পর্যবেক্ষণের জন্য Spirogyra, মস ও ফার্ন উদ্ভিদ সংগ্রহ করছিল।
ক. নিউরন কাকে বলে? ১
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের জীবগুলোর মধ্যে কোনগুলোকে মনেরা জগতে রাখা হয়েছে —ব্যাখ্যা করো। ৩
ঘ. সিফাতের সংগৃহীত উদ্ভিদগুলোর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক. নিউরন: স্নায়ু টিস্যু যে বিশেষ কোষ দিয়ে গঠিত, তাকে নিউরন বলে।
উত্তর: খ. ICBN-এর নিয়মানুযায়ী একটি জীবের জেনাস ও স্পিসিসের দুটি নাম একত্রে মিলিতভাবে ওই জীবের নামকরণ করা হয়। দুটি পদ দিয়ে এরূপ নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলা হয়। যেমন: কাঁঠালের জেনাস নাম Artocarpus এবং স্পিসিস নাম heterophyllus। সুতরাং, বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম Artocarpus heterophyllus.
উত্তর: গ. উদ্দীপকের জীবগুলোর মধ্যে T2 ফাজ ও Clostridium-কে মনেরা জগতে রাখা হয়েছে।
T2 ফাজের বৈশিষ্ট্য: T2 ফাজ ব্যাঙাচি আকৃতির একটি অকোষীয় জীব। এদের দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই। কেবল নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে দেহ গঠিত। শুধু উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে বংশ বৃদ্ধি করতে পারে।
Clostridium-এর বৈশিষ্ট্য: এরা প্রাককেন্দ্রিক এককোষীয় আণুবীক্ষণিক জীব। এরা দণ্ডাকার হয়ে থাকে, কোষের চারদিকে ফ্লাজেলা থাকে এবং ক্লোরোফিল থাকে না।
T2 ফাজ ও Clostridium-এর উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো মনেরার বৈশিষ্ট্যের সঙ্গে সম্পূর্ণ মিল থাকায় এদের মনেরা জগতে রাখা হয়েছে।
উত্তর: ঘ. সিফাতের সংগৃহীত উদ্ভিদগুলোর অর্থনৈতিক গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো:
Spirogyra-এর গুরুত্ব: এরা মাছের খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষভাবে প্রক্রিয়াজাত করে মানুষের খাদ্য হিসেবেও ব্যবহূত হয়। প্রাকৃতিক খাদ্য চক্রেও স্পাইরোগাইরার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মসের গুরুত্ব: মস পাথুরে জায়গায় প্রথম মাটি সৃষ্টিতে সাহায্য করে। মস পানি ধরে রাখতে সাহায্য করে, পিট কয়লা তৈরি করতে সহায়তা করে।
ফার্ন উদ্ভিদের গুরুত্ব: অর্নামেন্টাল উদ্ভিদ হিসেবে টবের মধ্যে ফার্ন উদ্ভিদ লাগানো হয়। ঢেঁকিশাক-জাতীয় ফার্ন সবজি হিসেবে ব্যবহূত হয়। কিছু কিছু ফার্ন ওষুধ তৈরিতে ব্যবহূত হয়।

মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, প্রধান শিক্ষক, জাহাঙ্গীর লাইন উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সেনানিবাস