জীববিজ্ঞান
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিজ্ঞানের ছাত্রী শিরোপা অনুবীক্ষণ যন্ত্রে T2 ফায ও Clostridium দেখছিল এবং সিফাত বাহ্যিক পর্যবেক্ষণের জন্য Spirogyra, মস ও ফার্ন উদ্ভিদ সংগ্রহ করছিল।
প্রশ্ন:
ক. নিউরন কাকে বলে? ১
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকের জীবগুলোর মধ্যে কোনগুলোকে মনেরা জগতে রাখা হয়েছে, কারণ ব্যাখ্যা করো। ৩
ঘ. সিফাতের সংগৃহীত উদ্ভিদগুলোর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক. নিউরন: স্নায়ু টিস্যু যে বিশেষ কোষ দ্বারা গঠিত, তাকে নিউরণ বলে।
উত্তর: খ. ICBN-এর নিয়মানুযায়ী একটি জীবের জেনাস ও স্পিসিসের দুটি নাম একত্রে মিলিতভাবে ওই জীবের নামকরণ করা হয়, দুটি পদ দ্বারা এরূপ নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলা হয়। যেমন: কাঠালের জেনাস নাম Artocarpus এবং স্পিসিস নাম heterophyllus সুতরাং বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম Artocarpus heterophyllus.
উত্তর: গ. উদ্দীপকের জীবগুলোর মধ্যে T2 ফায এবং Clostridium-কে মনেরা জগতে রাখা হয়েছে।
T2 ফাযের বৈশিষ্ট্য: T2 ফায ব্যাঙাচি আকৃতির একটি অকোষীয় জীব। এদের দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই। কেবল নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে দেহ গঠিত। শুধু উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশ বৃদ্ধি করতে পারে।
Clostridium-এর বৈশিষ্ট্য: এরা প্রাককেন্দ্রিক এককোষীয় আণুবীক্ষণিক জীব। এরা দণ্ডাকার হয়ে থাকে, কোষের চারদিকে ফ্লাজেলা থাকে এবং ক্লোরোফিল থাকে না।
T2 ফায এবং Clostridium-এর উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো মনেরার বৈশিষ্ট্যের সঙ্গে সম্পূর্ণ মিল থাকায় এদের মনেরা জগতে রাখা হয়েছে।
উত্তর: ঘ. সিফাতের সংগৃহীত উদ্ভিগুলোর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিশ্লেষণ করা হলো—
Spirogyra-এর গুরুত্ব: এরা মাছের খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষভাবে প্রক্রিয়াজাত করে মানুষের খাদ্য হিসেবে ব্যবহূত হয়। প্রাকৃতিক খাদ্যচক্রেও স্পাইরোগাইরার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মসের গুরুত্ব: মস পাথুরে জায়গায় প্রথম মাটি সৃষ্টিতে সাহায্য করে। মস পানি ধরে রাখতে সাহায্য করে, পিট কয়লা তৈরি করতে সহায়তা করে।
ফার্ন উদ্ভিদের গুরুত্ব: অর্নামেন্টাল উদ্ভিদ হিসেবে টবের মধ্যে ফার্ন উদ্ভিদ লাগোনো হয়। ঢেঁকিশাক জাতীয় ফার্ন সবজি হিসেবে ব্যবহূত হয়। কিছু কিছু ফার্ন ওষুধ তৈরিতে ব্যবহূত হয়।
মো. নুরুল ইসলাম, প্রধান শিক্ষক
জাহাঙ্গীর লাইন উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম