জীববিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ n

প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন:

ক. দোয়েলের বৈজ্ঞানিক নাম কী?

খ. হটস্পট বলতে কী বোঝায়?

গ. চিত্র-m প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো।

ঘ. চিত্র-n এর প্রাণী চাষ করে আমরা কীভাবে লাভবান হতে পারি? মতামত দাও।

উত্তর: ক. দোয়েলের বৈজ্ঞানিক নাম Copsychus Saufaris।

উত্তর: খ. জীববৈচিত্র্য কোথাও এক নয়। পৃথিবীর অন্য অংশের তুলনায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জীববৈচিত্র্য অনেক বেশি। জীববৈচিত্র্যসমৃদ্ধ অঞ্চলগুলোকে হটস্পট বলে। ব্রিটিশ বিজ্ঞানী নরমান মায়ার্স ১৯৮৮ ও ১৯৯০ সালে হটস্পট শব্দের প্রচলন করেন। বর্তমানে পৃথিবীতে ২৫টি হটস্পট রয়েছে, যার মিলিত আয়তন ভূপৃষ্ঠের মাত্র ১.৪% হলেও এখানে অভাবনীয় জীববৈচিত্র্যের সম্মেলন ঘটেছে। পৃথিবীর ৪৪% উদ্ভিদ প্রজাতি ও ৩৫% স্থলচর মেরুদণ্ডী প্রাণী প্রজাতির বসতি হচ্ছে হটস্পট।

উত্তর: গ. চিত্র-m এর প্রাণীটি হাইড্রা। চিত্র-m (হাইড্রা)-এর বৈশিষ্ট্যগুলো হলো:

১. হাইড্রা দ্বিস্তরী প্রাণী, দেহ অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম নামে দুটি ভ্রূণীয় কোষস্তর নিয়ে গঠিত। এই দুই স্তরের মাঝে অকোষীয় মেসোগ্লিয়া রয়েছে।

২. এর দেহে সিলেন্টেরন বা গ্যাসট্রোভাসকুলার নামক দেহগহ্বর আছে। এটি পরিপাক ও সংবহনে অংশ নেয়।

৩. অ্যাক্টোডার্ন নামের ভ্রূণীয় কোষস্তরে বৈশিষ্ট্যপূর্ণ নিডোব্লাস্ট কোষ থাকে।

উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো Cnidaria পর্বের প্রাণীদের সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ। সুতরাং চিত্র-m এর প্রাণীটি Cnidaria পর্বের অন্তর্ভুক্ত।

উত্তর: ঘ. চিত্র-n এর প্রাণীটি শামুক। বাণিজ্যিকভাবে শামুক চাষ করা না হলেও এটি চাষের মাধ্যমে আমরা বিভিন্ন দিক দিয়ে লাভবান হতে পারি। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো:

শামুকের শক্ত খোলক পুড়িয়ে চুন তৈরি করা হয়, যা পানের সঙ্গে খেতে এবং দালান চুনকামের কাজে ব্যবহার করা হয়।

শামুকের খোলককে গ্রামাঞ্চলে চামচ ও চাকুর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।

শামুক চুন অধিক প্রাকৃতিক গুণসম্মত ও ক্যালসিয়ামসমৃদ্ধ, যা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহূত হয়।

শামুকের দেহের কোমল অংশকে বিভিন্ন দেশে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

শামুকের খোলক থেকে উজ্জ্বল অলংকার, চাবির রিং ইত্যাদি তৈরি করা হয়।

বড় বড় মাছ ধরার জন্য বড়শির টোপ হিসেবে শামুকের নরম অংশ ব্যবহার হয়।

শামুকের খোলকচূর্ণ হাস-মুরগি এবং ভেতরের নরম অংশ মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়।

শামুকের খোলকচূর্ণ থেকে চুন তৈরি, বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি, নরম দেহকে খাদ্য হিসেবে বিভিন্ন দেশে রপ্তানি ইত্যাদি কাজে নিয়োজিত থেকে বহু লোক জীবিকা নির্বাহ করে।

সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, চিত্র-n এর প্রাণীটি চাষের মাধ্যমে আমরা বিভিন্নভাবে লাভবান হতে পারি।

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক

রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা