জুড়ীতে স্বাস্থ্যকর্মীদের নেটবুক প্রদান
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল শনিবার স্থানীয় স্বাস্থ্য সেবাদাতাদের (কমিউনিটি হেলথ প্রোভাইডর) ইন্টারনেটের মডেমসহ নেটবুক কম্পিউটার প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এসব সামগ্রী প্রদান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিবুন খানম, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিকিৎসা কর্মকর্তা জাহিদুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, নেটবুক দিয়ে ইন্টারনেট ব্যবহার করে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবার তথ্য বিভিন্ন জায়গায় পাঠানো হবে। এ ছাড়া রোগীরা ভিডিও সম্মেলনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসেবা নিতে পারবেন। সাংসদ উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকের ১২ জন কমিউনিটি হেলথ প্রোভাইডরের হাতে ইন্টারনেট মডেমসহ নেটবুক তুলে দেন। —কল্যাণ প্রসূন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি