জুনায়েদ: গুটিবাজদের ত্রাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলুন তো দেখি, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা কী? কোন ঘটনা ঢেকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরি থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাদকতা? সন্দেহ নেই সেটা হলো জুনায়েদ ও গুটিবাজি।
তবে সুনির্মল বসু যেভাবে বলছেন—‘বিশ্বজোড়া পাঠশালা মোর/ সবার আমি ছাত্র’, সেভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমের ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে হিন্দি সিরিয়ালের প্রভাব কতটুকু তার এক পরিষ্কার ধারণা পাওয়া যায় সেই ভিডিও থেকে। কী নেই সেই ভিডিওতে! চুল নিয়ে চিন্তায় আছেন? কীভাবে চুলের যত্ন নেবেন, তা শিখতে পারবেন জুনায়েদের কাছ থেকে। চুলের স্টাইল সম্পর্কেও পাবেন সম্যক ধারণা। আপনি ইংরেজি কম পারেন? ভিডিওটি দেখে পেয়ে যেতে পারেন আপনার ইংরেজি সম্পর্কে কাঙ্ক্ষিত শিক্ষা। এমনকি সিনেমা জগতে যাঁরা কাজ করেন, তাঁদের জন্যও জুনায়েদের এই ভিডিও এক অপূর্ব উদাহরণ হয়ে থাকবে। কোন ভঙ্গিতে ডায়ালগ দিতে হয়, চেহারার তখন কেমন আবেগ থাকা উচিত, কেমন ভাবগাম্ভীর্য থাকা জরুরি—সবকিছু এত মনোমুগ্ধকরভাবে ফুটে উঠেছে যে তার তুলনা নেই।
জুনায়েদের সবচেয়ে বড় গুণ তার প্রভাব বিস্তারকারী ক্ষমতা। ঢাকার ধানমন্ডি এলাকায় প্রবেশ করতে গেলেই তার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে আপনাকে! মোগল সাম্রাজ্যের পর এমন প্রভাব বিস্তারকারী কোনো সম্রাট আর দেখা যায়নি এ উপমহাদেশে। আর আপনি কি হলফ করে বলতে পারবেন ওই ভিডিও দেখার পর থেকে আপনি কাউকে ‘গুটিবাজ’ বলেননি? জুনায়েদের আরেকটি বড় গুণ নারী অধিকার সম্পর্কে সচেতনতা। তার ওই ভিডিও দেখে আমরা শিক্ষা পাই নারী অধিকার রক্ষা করার জন্য আমাদের কী কী করতে হবে। নারীদের অধিকার রক্ষায় পুরুষদের এভাবে এগিয়ে আসা বরাবরই প্রশংসার যোগ্য। আমরা তার ভিডিওতে চরম ভ্রাতৃত্ববোধের প্রকাশ পাই। আমরা দেখতে পাই একজনকে কীভাবে ভাই ভাবতে হয়। তার ভিডিওতে আমরা পাই প্রেম-ভালোবাসার এক অপূর্ব উদাহরণ। ভিডিওটির ক্যামেরার কাজও ছিল অসাধারণ।
সব মিলিয়ে আমাদের আলোচনার এখন এক অন্যতম বিষয় হচ্ছে জুনায়েদ ও তার গুটিবাজি। খেয়াল করলে দেখবেন, পাড়ার মোড়ের চায়ের দোকানে উঠতি বয়সের কিশোর-তরুণ জুনায়েদকে নিয়ে আলোচনা করছে। তখন হয়তো কোনো মুরব্বি এসে তাদের ধমকে উঠিয়ে দিচ্ছেন। কিন্তু একটু পর তাঁরাই আবার পান চিবোতে চিবোতে জুনায়েদকে নিয়ে আলোচনা করে হতাশ হয়ে বলছেন, ‘দুনিয়াটা গুটিবাজ দিয়ে সয়লাব হয়ে যাচ্ছে!’ এমনকি পাড়ার আন্টিদের আড্ডাতেও আলোচিত নাম—জুনায়েদ। তাঁরা আলাপচারিতা শুনুন—‘জানেন ভাবি, সেদিন অমুক আমার নামে তমুকের কাছে গুটিবাজি করল!’ আরেকজন হয়তো বলে উঠলেন, ‘কী বলেন ভাবি? আপনার কাছে জুনায়েদের নম্বর নাই? এখনই ফোন করেন! গুটিবাজি বের করে দেবে!’
পুরো বিশ্বকে গুটিবাজদের হাত থেকে রক্ষা করতে জুনায়েদ যে কাজ করল, তা ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে। গোথাম অঞ্চলের সুরক্ষা যদি ব্যাটম্যান দেয়, তাহলে গুটিবাজদের থেকে সুরক্ষা দেবে জুনায়েদ। জুনায়েদই আমাদের ব্যাটম্যান!