
অধ্যায়-২
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এবারই প্রথম জেএসসিতে চারু ও কারুকলা অন্তর্ভুক্ত হয়েছে। তাই তোমাদের সুবিধার্থে আমার এই আয়োজন। আজকে প্রকাশিত হলো ২য় অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
প্রশ্ন: চারু ও কারুকলা ইনস্টিটিউট বা প্রথম গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল? প্রতিষ্ঠাতা মানুষদের নাম উল্লেখ করে সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর: ১৯৪৭-এ দেশ ভাগের পর এই নতুন ভূখণ্ডের নামকরণ হয় পূর্ব পাকিস্তান, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মুসলমান নাগরিক চলে আসেন এই দেশে, এমনিভাবে কলকাতা আর্ট কলেজের কয়েক জন শিক্ষক চিত্রশিল্পী কলকাতা ছেড়ে ঢাকা চলে আসেন। এঁরা হলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ ছাড়া আরও অনেকে এ দেশে ফিরে তাঁরা সিদ্ধান্ত নিলেন দেশ ভাগাভাগির পর অন্যান্য বিষয়ের মতো কলকাতা আর্ট কলেজের অর্ধেক পূর্ববাংলার মানুষের অধিকারভুক্ত। তাই পূর্ববাংলার রাজধানী ঢাকায় একটি আর্ট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ তাঁরা নেন। কিন্তু বিষয়টি তত সহজ ছিল না। তৎকালীন সরকার ‘পাকিস্তান ইসলামিক দেশ’ এই দোহাই দিয়ে শিল্পীদের প্রস্তাব বাতিল করে দেয়। শিল্পীরা পিছপা হলেন না। তাঁরা সরকারের কাছে নানা রকম যুক্তি দিয়ে এ দেশে চারুকলা শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন। নতুন দেশকে সুন্দরভাবে গড়তে হলে, মানুষের জীবনযাপনকে মার্জিত, সাবলীল ও রুচিশীল করার জন্য সমাজে শিল্পীদের প্রয়োজন আছে। সুতরাং দেশের কাজে, জনগণের প্রয়োজনে ও কল্যাণের কথা বিবেচনা করে শিল্পী তৈরি করার জন্য একটি কলেজ বা প্রতিষ্ঠান সরকারি উদ্যোগেই শুরু করার গুরুত্ব আরোপ করেন। শিল্পীদের এই মহতী উদ্যোগের প্রশংসা করে তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তৎকালীন বেশ কিছু গুণীজন। তাঁদের সংশ্লিষ্টতা ও শিল্পীদের ঐকান্তিক প্রচেষ্টায় রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হলো শিল্প শিক্ষার বিদ্যাপীঠ। প্রায় এক বছরের চেষ্টার ফলস্বরূপ নবাবপুর ন্যাশনাল মেডিকেল কলেজের দুটি কামরায় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। যা বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
চারুকলা কলেজ প্রতিষ্ঠার নেতৃত্বে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এ ছাড়া ছিলেন পটুয়া কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, খাজা শফিক আহমেদ, আনোয়ারুল হক, শফিকুল আমিন, মোহাম্মদ কিবরিয়া প্রমুখ শিল্পী।
প্রশ্ন: আলপনা কী? একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে আলপনা ও পরবর্তীকালে এর ব্যবহার সম্পর্কে লেখো।
উত্তর: আলপনা: সংস্কৃত শব্দ ‘‘আলিমপন’ থেকে আলপনা শব্দের উদ্ভব। যার অর্থ হচ্ছে ‘প্রলেপ দেয়া’।
আতপ চালের সঙ্গে পানি মিশিয়ে তৈরি পিঠালি, টুকরো কাপড় দিয়ে মেঝে বা মাটিতে যে চিত্র অঙ্কন করা হতো, তাই ছিল আলপনা। আলপনা বাংলাদেশের অন্যতম প্রধান লোকশিল্প। যেকোনো শুভ কাজে আলপনা আঁকা আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য ও অনেক প্রাচীন রীতি।
১৯৫৩ সাল থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আলপনা আঁকা শুরু হয়, যা ছিল আমাদের প্রাচীন রীতির ধারাবাহিকতা। কিন্তু বাধা আসে পাকিস্তানি শাসকদের কাছ থেকে—এটা হিন্দুদের সংস্কৃতি, মুসলমানদের আলপনা আঁকা নিষেধ। চিত্রশিল্পীরা এই বাধা উপেক্ষা করে একুশে ফেব্রুয়ারিতে বিশেষ বিশেষ রাস্তায় আলপনা এঁকেছেন। আর এভাবেই আলপনা আমাদের বাঙালি সংস্কৃতির একটি বিশেষ বিষয় রূপে অবতীর্ণ হয়। যা পরবর্তী সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় বিশেষ বিশেষ অনুষ্ঠান বা যেকোনো মাঙ্গলিক কাজে আলপনার ব্যবহার এখন স্বাভাবিক সংস্কৃতি। যেমন: বিজয় দিবস, স্বাধীনতা দিবসে, ঈদ উৎসবে, বিয়ের অনুষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ও বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ অনুষ্ঠানে আলপনার ব্যবহার সুন্দর ও শুদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা।
মূলত প্রাচীন বাঙালি লোকজীবনের ধর্ম ও জাদু বিশ্বাসকে কেন্দ্র করেই আলপনার উদ্ভব হলেও বর্তমান সময়ে বাঙালির সব ধর্ম-বর্ণের মানুষের শুভ অনুষ্ঠানের অংশ হয়ে উঠেছে আলপনা। বিভিন্ন লোকজ মোটিভ, ফুল, লতা-পাতা, মাছ, পাখি এবং জ্যামিতিক ও প্রাকৃতিক আকৃতি ব্যবহার করে আলপনা আঁকা হয়। আধুনিককালে আলপনা আঁকার ক্ষেত্রে যেমন পরিধি বৃদ্ধি পেয়েছে, তেমনি এর মোটিভ ও আঙ্গিকের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। রঙের ব্যবহারে এসেছে বৈচিত্র্য। বাংলাদেশের চিত্রশিল্পীরাই আলপনাকে বাঙালির সংস্কৃতি চর্চা হিসেবে প্রতিষ্ঠা করেছে।