মোহাম্মদ সুলতান উদ্দীন, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: প্রজনন স্বাস্থ্যরক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করো।
উত্তর: সব ছেলেমেয়ের প্রজনন স্বাস্থ্য রক্ষার জন্য প্রথমত প্রজনন স্বাস্থ্য কী, তা জানতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
বয়ঃসন্ধিকালে সব ছেলেমেয়ের কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়। এ সময় প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা না থাকলে নানা সমস্যা দেখা দেয় এবং বিভিন্ন ধরনের রোগ হয়। তাই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এ সময় ছেলেমেয়েদের পর্যাপ্ত পরিমাণে পানি ও সব রকমের খাবার খেতে হবে। অনেক ছেলেমেয়ে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে না জেনে তাদের রোগ গোপন রাখে, এটা ঠিক নয়। এ কারণে পরবর্তী সময়ে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শমতো কাজ করতে হবে এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান লাভ করতে হবে। আমাদের দেশে সন্তান জন্মদানের সময় অনেক মা মারা যায়। এর প্রধান কারণ হলো, অপ্রাপ্ত বা অপরিণত বয়সে গর্ভধারণ। তারা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান লাভ না করেই ভুল সিদ্ধান্ত নেয়। ফলে নানা ধরনের সমস্যা হয় এবং এর ফলে শুধু যে মায়েরই স্বাস্থ্যের ক্ষতি হয় তা নয়, এতে নবজাতকের জীবনও হুমকির সম্মুখীন হয়। ফলে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাই বলা যায়, আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্যরক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।