জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ 
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# খানাকুনিয়ারী গ্রামটি শিক্ষাদীক্ষায় অনেক পিছিয়ে। ফলে, গ্রামবাসী শিক্ষা-সংস্কৃতিসহ সব দিক থেকে পশ্চাৎপদ। এ গ্রামেরই এক শিক্ষিত, বিত্তবান ও প্রভাবশালী যুবক আবু বকর । সে গ্রামটিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার জন্য গ্রামে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে। তার এ মহান প্রচেষ্টায় ধীরে ধীরে এলাকাবাসীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এলাকাবাসী সমাজসচেতন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে। আবু বকরের অবিরত প্রচেষ্টায় গ্রামবাসী নারী শিক্ষা, মানবাধিকার ও মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

ক. সংস্কৃত কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়?
খ.ভাস্কো ডা-গামা ইতিহাসে বিখ্যাত কেন? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির আলোকে ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব হয়েছিল? এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।
ঘ. ‘আবু বকরের মতো উন্নয়নকর্মী ও সংস্কারবাদী ব্যক্তিবর্গের কর্মতৎপরতার ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয়েছে’—উক্তিটি বিশেষণ করো।
উত্তর: ক. ১৭৯১ খ্রিষ্টাব্দে হিন্দুদের জন্য সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠা করা হয়।
উত্তর: খ. পর্তুগিজ নাবিক ভাস্কো ডা-গামা ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। আর এ জলপথ আবিষ্কারের ফলে ভারতবর্ষের সঙ্গে ইউরোপের সহজ যোগাযোগ স্থাপিত হয়। ভারতবর্ষ এর ফলে বিশ্ববাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ভাস্কো ডা-গামা এ কারণে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
উত্তর: গ. উদ্দীপকে আবু বকর তার গ্রামে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে একজন শিক্ষিত, বিত্তবান ও প্রভাবশালী সমাজসংস্কারক হিসেবে গ্রামবাসীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলেছে। তাদের দায়িত্বসচেতন করেছে। নারী শিক্ষা, মৌলিক অধিকার, মানবাধিকার—এসব গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে গ্রামবাসীকে সচেতন করেছে। ঠিক তেমনি ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজদের সহযোগিতায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত দেশজুড়ে স্কুল ও কলেজের মাধ্যমে মানুষের মধ্যে নতুন চিন্তাচেতনার উন্মেষ ঘটে। বহুকালের প্রচলিত বিশ্বাস, নানা সংস্কার ও বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে লাগল। হিন্দুসমাজ থেকেই সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো। বিধবা বিবাহের পক্ষে জনমত তৈরি হলো। ঊনবিংশ শতাব্দীতে আধুনিক শিক্ষা ও জাগরণের ফলে দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।
উত্তর: ঘ. ‘আবু বকরের মতো উন্নয়নকর্মী ও সংস্কারবাদী ব্যক্তিবর্গের কর্মতৎপরতার ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয়েছে’—উদ্দীপকের এ উক্তি বিশেষণ করলে আমরা দেখতে পাই, আবু বকর যেমন গ্রামবাসীকে নারী শিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সচেতন করে, তৎকালীন সময়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ সংস্কারপন্থী ব্যক্তির অগ্রণী ভূমিকায় সারা ভারতবাসী জেগে ওঠে। ইংরেজদের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। ইংরেজদের আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার উন্মেষ ঘটে। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হয়। মুদ্রণযন্ত্র স্থাপন ও সংবাদপত্র প্রকাশের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা হয়।
ফলে, সমাজের অনাচার নিয়ে যেমন তাঁরা আত্মসমালোচনা করেছেন, তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। এরই ফলে সমাজের সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে। ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মনে জ্ঞানচর্চার ধারা তৈরি করেন। বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতেই পড়েছে। ঊনবিংশ শতাব্দীর এই নবজাগরণ দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। সেই সঙ্গে এর ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধের উন্মেষ ঘটতে তাকে। সামগ্রিকভাবে বাংলায় দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার জোয়ার আসে। এরই ধারাবাহিকতায় দেখা দেয় বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন। এ সময় অনেক তরুণ সশস্ত্র সংগ্রামের দিকে ঝুঁকে পড়ে। মুসলমানদের দাবিদাওয়া আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে স্বতন্ত্র মুসলিম লীগ। স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের
ফলে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। ১৯৪৭ সালে ভারববর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল