জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

পড়ে পাওয়া
সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও খোঁয়াড়ে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এল না। দাদু বললেন, চুপ করে থাকা ঠিক হবে না। রফিক-শফিক বেরিয়ে পড়। প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকে যায়। মসজিদ থেকে চোঙা নিয়ে গাঁয়ে ঘোষণা দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শমতো বলতে লাগল, ‘ভাই সব, একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল, তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান’।

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত?
খ. ‘দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. রফিক-শফিকের চোঙা ফোঁকার ঘটনাটি ‘পড়ে পাওয়া’ গল্পের কোন ঘটনার সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দাদু যেন ‘পড়ে পাওয়া’ গল্পের মূল চেতনারই প্রতিভূ, বিশ্লেষণ করো।
উত্তর: ক. নির্সগের রূপকার হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমধিক পরিচিত।
উত্তর: খ. টিনের বাক্সে রক্ষিত টাকা নিজেরা ভাগ না করে মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণে এ উক্তিটি করা হয়েছে।
‘পড়ে পাওয়া’ গল্পে বিধু ও তার বন্ধু একটি টিনের ব্যাক্স পড়ে থাকা অবস্থায় পায়। বাক্সটি পাওয়ার পর তারা ভাবে বাক্সে যা আছে, তা তারা ভাগ করে নেবে কিন্তু পরের প্রয়োজনীয় এ অর্থের কথা ভেবে অধর্ম করা যাবে না বলে তারা তা প্রকৃত মালিককে ফেরত দিতে মনস্থির করে। এই ব্যাপারে ওই উক্তিটি করা হয়েছে।
উত্তর: গ. উদ্দীপকের রফিক-শফিকের চোঙা ফোঁকার ঘটনাটি ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের নদীর ধারের গাছে পোস্টার লাগানোর সাথে সংগতিপূর্ণ।
উদ্দীপকের রফিক-শফিকের দাদু যখন দেখলেন ছাগলটি কেউ নিতে আসছে না, তখন তিনি তাঁর নাতিদের বললেন যে চোঙা ফোঁকাতে। এখানে পরের জিনিসের প্রতি নির্লোভকে নির্দেশ করা হয়েছে। ‘পড়ে পাওয়া’ গল্পে আমরা এমন ঘটনা দেখি টিনের বাক্স ফেরত দেওয়ার ব্যাপারে কিশোরদের বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি।
কিশোরেরা ‘পড়ে পাওয়া’ গল্পে টিনের বাক্সটি যখন এর মালিককে ফেরত দেওয়ার পরিকল্পনা করে, তখন তারা কোনো উপায়ে তা ফেরত দেবে ভাবতে থাকে। ‘পড়ে পাওয়া’ সম্পদের মালিককে খুঁজে পেতে চাইলে প্রাপ্তি সংবাদটি সবাইকে জানানোর বিকল্প নেই বলে তাদের ভাবনা প্রতিফলিত হয়। ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরেরা বিধুর পরামর্শে নদীতীরের গাছে প্রাপ্তিসংবাদসহ পোস্টার সেঁটে দেয়। উদ্দীপকে ছাগলপ্রাপ্তির সংবাদ প্রচারে দাদুর নির্দেশমতো রফিক-শফিক মসজিদ থেকে টিনের চোঙা নিয়ে গাঁয়ে বেরিয়ে পড়ে এবং চোঙা ফুঁকে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। অন্যের সম্পদের প্রতি নির্লোভের বিষয়টি এভাবে গল্পে ও উদ্দীপকে ফুটে উঠেছে।
উত্তর: ঘ. দাদু তাঁর নির্লোভ মানসিকতার পরিচয় দিয়ে ‘পড়ে পাওয়া’ গল্পের মূল চেতনার প্রতিভূ হয়ে উঠেছেন।
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরেরা পরের সম্পদের দিকে লোভ না করে তা ফেরত দেওয়ার মানসিকতার মধ্য দিয়ে যেমন নির্লোভ মানসিকতার পরিচয় দিয়েছে, উদ্দীপকের দাদু ঠিক তেমন মানসিকতার পরিচয় দিয়ে বিধু ও তার কিশোর বন্ধুদের সাথে মিলে গেছে।
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরেরা একটি টিনের বাক্স পড়ে পায় কিন্তু তারা তা আত্মসাৎ না করে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। কিশোরদের চেতনা ও কাজকর্মের সাথে উদ্দীপকের দাদু চরিত্রটি বেশ মিলে যায়। কেননা, তিনি ঘরে ঢোকা অতিরিক্ত ছাগলটি মালিককে ফিরিয়ে দিতে মনস্থির করেন এবং সে লক্ষ্যেই রফিক-শফিককে প্রাপ্ত সংবাদটি প্রচারের জন্য বেরিয়ে পড়ার আদেশ দেন।
পরের সম্পদের দিকে লোভ না করা ভালো। ‘পড়ে পাওয়া’ গল্পের এরই শিক্ষাই প্রতিফলিত হতে দেখা যায় উদ্দীপকের দাদুর চরিত্রে। অন্যের জিনিসের প্রতি তিনি কোনো লোভ করেননি। গল্পের কিশোরদের মধ্যেও একই প্রবণতার পরিচয় পাওয়া যায়। ফলে উদ্দীপকের দাদু তাঁর কাজের মানসিকতার মাধ্যমেই সেসব কিশোরের চিন্তার প্রতিচ্ছবি হয়ে ওঠেন। তাই বলা যায়, দাদুর সৎ মানসিকতা গল্পের কিশোরদের নৈতিক মানসিকতারই প্রতিভূ।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ