জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্র A ও চিত্র B
চিত্র A ও চিত্র B

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞানের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

ক. জিন কাকে বলে?
খ. অ্যামাইটোসিস বলতে কী বোঝায়?
গ. চিত্র B-এর কোষ বিভাজন ব্যাখ্যা করো।
ঘ. জীবের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে চিত্র A এবং চিত্র B-এর মধ্যে কোনটি ভূমিকা পালন করে? মতামত দাও।

উত্তর: ক. জিন হলো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ। ডিএনএ অণু জিনের রাসায়নিক রূপ।
উত্তর: খ. যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এর সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে সংঘটিত হয়।

উত্তর: গ. চিত্র B-এ মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। এখানে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি কোষে পরিণত হয়েছে। এই বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটেছে মাত্র একবার। ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পর পর দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেকসংখ্যক ক্রোমোজোমযুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মিয়োসিস বলে।
উত্তর: ঘ. চিত্র A-তে মাইটোসিস এবং চিত্র B-তে মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনে (চিত্র A) একটি সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে দুইটি কোষে পরিণত হয়। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোমসংখ্যা গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোজোমসংখ্যা গঠন ও গুণাগুণ সম্পন্ন হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি হয়। এককোষী ভ্রূণ লাখ লাখ কোষের একটি পরিপূর্ণ মানুষে পরিণত হয়। ছোট একটি ভ্রূণ সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়। পক্ষান্তরে মিয়োসিস কোষ বিভাজনে (চিত্র B) একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এই বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন হয় মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে থাকে। ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তনের ফলে জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পরিবর্তন আসে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে জীবের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন (চিত্র A) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা