জুনে আসছে উইন্ডোজ ব্লু
উইন্ডোজ ৮ এর প্রথম আপডেট আনতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ বছরের জুন মাসে ‘ব্লু’ কোড নামের নতুন সংস্করণটির প্রিভিউ উন্মুক্ত করবে মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জেডনেট ও ভার্জের প্রযুক্তি বিশ্লেষকেরা উইন্ডোজ ৮-এর ইউজার ইন্টারফেস নিয়ে সমালোচনা করেছেন। এ ছাড়াও প্রযুক্তি বিশ্লেষকেরা উইন্ডোজ ৮ নিয়ে নানা সমালোচনা করছেন। আর এ সমালোচনার মুখে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২৬ জুন যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ‘বিল্ড’ নামের ৩ দিনের একটি সম্মেলন আয়োজন করেছে মাইক্রোসফট। এ অনুষ্ঠানে ‘ব্লু’ কোড নামের সফটওয়্যার আপডেট ঘোষণা দেবে মাইক্রোসফট।মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের ফিডব্যাকের বিষয়টি মাথায় রেখেছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮ এ কী ধরনের পরিবর্তন আসছে সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি। মাইক্রোসফট উইন্ডোজের আপডেট সংস্করণটি চলতি বছরের শেষদিকে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে।মাইক্রোসফটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২ সালের অক্টোবর মাসে উইন্ডোজ ৮ বাজারে আসার পর গত ছয় মাসে এর ১০ কোটি লাইসেন্স বিক্রি হয়েছে।