জুলাইয়ে সব জেলায় চালু হবে ই-সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, আগামী জুনের মধ্যে সব জেলা প্রশাসকের অফিসে ‘জেলা পোর্টাল’ তথ্য বাতায়ন তৈরির কাজ শেষ হবে। আর জুলাই মাসের মধ্যে সব জেলায় ই-সার্ভিস চালু করা হবে, যাতে মানুষজন সহজেই জেলার সব সেবা ডিজিটাল পদ্ধতিতে পেতে পারে। গত শুক্রবার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল চত্বরে ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান প্রযুক্তি মেলার এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআইর নজরুল ইসলাম খান জানান, দেশে প্রতিবছরে প্রায় ৩৫ লাখ শিশু জন্ম নিচ্ছে। প্রতিবছর শুধু সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে সাত হাজার মানুষ। এবং আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে ২১ হাজার মানুষ। এই বিশাল জনসংখ্যার দেশের নাগরিককে প্রযুক্তিনির্ভর করতে না পারলে দেশে বেকারত্ব আরও বৃদ্ধি পাবে। তাই দেশের প্রতিটি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রকে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে রূপ দিতে হবে। ২০১৩ সালে দেশের সব উপজেলায় ডিজিটাল মেলা অনুষ্ঠান করে মানুষকে বিজ্ঞান প্রযুক্তিমনষ্ক কাজে উৎসাহিত করানো হবে। অল্প জনবল দিয়ে শিক্ষাকে আরও প্রাণবন্ত করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক ব্লগ চালু করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামতউল্লা ভূঁইয়া, কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহিল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার প্রমুখ।পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। আজ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র, জেলার সব সরকারি অফিস তাদের কার্যক্রম নিয়ে স্টল তৈরি করেছে। —তুহিন আরন্য, মেহেরপুর প্রতিনিধি