জুলাইয়ের মধ্যে জাতীয় ই-সরকার স্থাপত্য চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুলাইয়ের মধ্যে বিভিন্ন সরকারি সেবাকে ই-সেবায় পরিণত করার মৌলিক কাঠামো ‘জাতীয় ই-সরকার স্থাপত্য (ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার—এনইএ)’ চূড়ান্ত হবে। গত বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরামর্শক ফকরুজ্জামান। বিসিসি, এটুআই ও বিশ্বব্যাংক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। বিসিসির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ফকরুজ্জামান এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক পল্লব সাহা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফকরুজ্জামান তাঁর প্রবন্ধে উল্লেখ করেন দেশে ই-সরকার তথা নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার মূল অবকাঠামো তৈরি করছে এটুআই। ইতিমধ্যে এর কাজ অনেকাংশে সম্পন্ন হয়েছে। তিনি জানান, ই-সরকারের জাতীয় স্থাপত্য রীতি (ন্যাশনাল ই-গভর্নমেন্ট আর্কিটেকচার) অনুসারে বিভিন্ন বিভাগের কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে সমন্বয় সাধিত হবে। এর মাধ্যমে স্থান, এলাকার নামের যেমন প্রমিতকরণ হবে তেমনি সরকারিভাবে তা গ্রহণ করার পদ্ধতিও আদর্শমান মেনে চলবে। পল্লব সাহা তাঁর নিবন্ধে সিঙ্গাপুরের ৩০ বছরের তথ্যপ্রযুক্তি অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ১৯৯৮ সাল থেকে সিঙ্গাপুর তাঁদের জাতীয় ই-সরকার স্থাপত্যরীতি নিয়ে কাজ করছে। পর্যায়ক্রমিকভাবে উত্তরণের মাধ্যমে সিঙ্গাপুর আজকের অবস্থানে পৌঁছেছে বলে তিনি মত প্রকাশ করেন। ই-সরকার বাস্তবায়নে নীতি ও আইনের প্রয়োগের ব্যাপারে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তিবিদ শাহাদত খান এটুআই কর্তৃপক্ষকে অবিলম্বে খসড়া স্থাপত্য প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, সে ক্ষেত্রে সবার পক্ষে এতে ভূমিকা রাখা সম্ভব হবে। কর্মশালায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় রাজস্ববোর্ডের প্রদর্শনী, বেসিসের সদস্য, বিশ্বব্যাংকের প্রতিনিধি, একাধিক উপজেলা চেয়ারম্যানসহ অনেকেই যোগ দেন। —নিজস্ব প্রতিবেদক