জেএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শ
অংশ-৩ 
প্রিয় শিক্ষার্থী, গত দুদিন আমরা একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজ রয়েছে এ বিষয়ে আরও কিছু আলোচনা।
উল্লিখিত ধরনের নমুনা উত্তর প্রস্তুত করে কী লিখলে আংশিক নম্বর এবং কী লিখলে পূর্ণাঙ্গ নম্বর পাবে এ ব্যাপারে নির্দেশনা থাকলে শিক্ষার্থীদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি হয়। এরূপ সুযোগ নিশ্চিত করার জন্য দরকার যোগ্য, অভিজ্ঞ এবং প্রশিক্ষিত প্রশ্নপ্রণেতা ও মডারেটর নিয়োগ করা। দেশের সব কটি শিক্ষা বোর্ড এ দিকটি গুরুত্বের সঙ্গে ভেবে যেমনি প্রশ্নপ্রণেতা ও মডারেটর নির্বাচন করবে, তেমনি সৃজনশীল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অধিকতর যোগ্য ও প্রশিক্ষিত পরীক্ষক বাছাই করে নিয়োগ দেবে।
ধরে নিলাম, মানসম্পন্ন সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, নমুনা উত্তর লিখন এবং উত্তরপত্র মূল্যায়নে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে সব পক্ষই তৎপর হয়েছে। এর পরও কি বলা যায়, পরীক্ষার ফলাফল কাঙ্ক্ষিত মানের হবে? আসলে সৃজনশীল প্রশ্নের যথাযথ উত্তর লিখনে শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের দিকও গুরুত্বের সঙ্গে ভেবে দেখা দরকার। শিক্ষক শ্রেণীর পাঠ যদি সঠিক পন্থায় দিতে পারেন, শ্রেণীতে শিক্ষার্থীদের কাজ দিয়ে তা পুরোপুরি আদায় করেন এবং পাঠ্য বিষয়াদি শ্রেণীর বাইরেও বাড়িতে অনুশীলনে জোর দেন, তাহলে শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা পালন হলো। এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় আছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জেনে রাখা দরকার—
# সৃজনশীল প্রশ্নপত্র পাঠ্যবইয়ের বিষয়বস্তুর ওপর রচিত হয়।
# নোট, গাইড এমনকি পাঠ্যবইয়ের অনুশীলনী অংশে প্রদত্ত কোনো প্রশ্নই পরীক্ষায় কমন পড়বে না।
# প্রতিটি বিষয়ের পাঠ্যবইয়ের সকল অধ্যায়জুড়ে সৃজনশীল প্রশ্ন ও সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ পড়তে হবে পুরো বইটি।
# পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালোভাবে হূদয়ঙ্গম করে এর উদ্দীপকের মর্মার্থ অনুধাবন করে পাঠ্যবইয়ের আলোকেই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে।
# প্রশ্নের উত্তরে অনেক লেখা যাবে না। উত্তর হবে প্রাসঙ্গিক এবং টু দ্য পয়েন্ট বা যথাযথ। আবার অনেক পয়েন্ট দিয়ে উত্তর লেখা ঠিক নয়।
# প্রকৃতি, পরিবেশ, পরিবার, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে জানার ও বোঝার পরিধি বাড়াতে হবে।
# পরীক্ষার হলে প্রশ্নপত্র পড়ে ও বুঝে ধীরেসুস্থে উত্তর লিখতে হবে।
# ভয়ভীতি ও সংশয়ের ঊর্ধ্বে উঠে পরীক্ষায় অংশ নিতে হবে।
এযাবৎ আলোচনায় এ বলে পরিসমাপ্তি টানা যায় যে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় ভালো ফল অর্জনে অনেকগুলো পক্ষ জড়িত। এখানে শ্রেণীশিক্ষক থেকে শুরু করে প্রশ্নপ্রণেতা, মডারেটর, পরীক্ষক, শিক্ষার্থী, এমনকি অভিভাবক সবাই জড়িত। এ পক্ষগুলোর ভূমিকা রিলে দৌড়ের মতো।
এক পক্ষের সঠিক দৌড়ের সঙ্গে অন্য পক্ষের দৌড় শুরু করা সম্পর্কযুক্ত। আর সব পক্ষ সমান জোরে দৌড় দিতে পারলে সাফল্য অবধারিত। তাই বলছি, সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে ভালো ফলের জন্য সমন্বিত প্রয়াস আবশ্যক।

কন্ট্রোলার অব পাবলিকেশনস, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড