জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: অপরিণত বয়সে গর্ভধারণের পরিণতি ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করো।
উত্তর: অপরিণত বয়সে গর্ভধারণের পরিণতি:
আমাদের দেশে অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। গর্ভধারণের জন্য প্রয়োজন সঠিক বয়স। অপরিণত বয়সে গর্ভধারণ করলে বিভিন্ন সমস্যা দেখা যায়। অপরিণত বয়সে গর্ভধারণ করলে বাচ্চা বিকলাঙ্গ, ওজন কমসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে। এ ছাড়া অল্প বয়সে গর্ভধারণ করলে মা ও বাচ্চা দুজনেরই মৃত্যুর ভয় থাকে। আমাদের দেশে আগে এর মাত্রা অনেক বেশি ছিল। কিন্তু সরকারের পদক্ষেপে তা কমে এসেছে। মেয়েদের অপরিণত বয়সে বিয়ে হলে নানারকম শারীরিক ও মানসিক জটিলতা সৃষ্টি হয়। তারা নানা সমস্যায় ভোগে। সন্তান জন্মদান সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকে না। এতে মা ও শিশু দুজনের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এতে পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
অপরিণত বয়সে গর্ভধারণ প্রতিরোধ:
বাংলাদেশের বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ বছর আর ছেলেদের ক্ষেত্রে হবে ২১ বছর। বিয়ের বয়স হওয়ার আগে ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হলে তাকে অপরিণত বয়সের বিয়ে হিসেবে ধরা হবে এবং তা হবে আইনের দৃষ্টিতে অপরাধ। কাজেই, আইন মেনে ছেলেমেয়েদের পরিণত বয়সে বিয়ে দেওয়া উচিত। পরিণত বয়সে বিয়ে না হলে তাদের গর্ভধারণের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয়। অপরিণত বয়সে গর্ভধারণে যেসব জটিলতার সৃষ্টি হয়, সে সম্পর্কে ব্যাপক প্রচারণার প্রয়োজন। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, নাটক, গান, প্রামাণ্য অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। বাল্যবিবাহ বন্ধে সরকারি-বেসরকারি প্রচেষ্টায় সবাইকে সম্পৃক্ত করতে হবে। এ ছাড়া আলোচনা ও সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রশ্ন: বাস্কেটবল খেলায় সেট শটের কৌশল বর্ণনা করো।
উত্তর: বাস্কেটবল খেলায় সেট শট কৌশল অবলম্বন করা হয়। নিচে বাস্কেটবল খেলায় সেট শটের কৌশল বর্ণনা করা হলো:
বাস্কেটবল খেলায় এক হাত বা দুই হাত দিয়ে সেট শট করা হয়। যেকোনো হাত দিয়ে সেট শট করা যায়। যে হাত দিয়ে শট করতে হবে, সেই হাত বলের পেছনে থাকবে বং অন্য হাত বলের পাশে থাকবে। যখন শট করতে হবে, তখন পাশের হাত সরিয়ে শট করতে হবে। আবার দুই হাত দিয়ে শট করার সময় দুই হাতই বলের পেছনে থাকবে। এরপর দুই হাত দিয়ে বলের ওপর চাপ দিয়ে বল শট করতে হবে। এভাবে সেট শট করা যায়। সাধারণত চার মিটার থেকে আট মিটার দূরত্বে সেট শট কৌশল অবলম্বন করা হয়।

সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা