বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# মিরাজের পিতা-মাতা তাকে সব সময় কঠোর অনুশাসনের মধ্যে রাখে। সবার সঙ্গে মিশতে দেয় না। একটু সুযোগ পেলেই সে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। তার মা চাকরির ফাঁকে তাকে সময় দিতে পারে না। হঠাৎ করে তার মা মারা গেলে অবাধে বন্ধুদের সঙ্গে মিশতে থাকে। চাকরিজীবী বাবার পক্ষে সম্ভব হয় না তার তদারকি করা। সে মোবাইলে অশালীন ছবিও দেখছে। বন্ধুদের প্ররোচনায় পড়ে সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়েছে। কলেজ পা রাখার পরে তার বাবার অসুস্থতা, অবাধ স্বাধীনতা আর বন্ধুদের সঙ্গে বাচবিচারহীন মেলামেশায় সে এখন বিভিন্ন ধরনের মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়েছে। নানা ধরনের সমাজবিরোধী কাজে সে যুক্ত। পরিবারে তাকে নিয়ে অশান্তির শেষ নেই।
ক. কিশোর অপরাধের প্রধান কারণ কী?
খ. অপসংস্কৃতির প্রভাব কীভাবে মাদকাসক্তির বড় কারণ হতে পারে?
গ. মিরাজের কিশোর অপরাধী হওয়ার ভিত্তি কোথা থেকে রচিত হয়েছে বুঝিয়ে বলো।
ঘ. উদ্দীপকে মিরাজ কাদের মাধ্যমে মাদকাসক্ত হয়ে পড়েছে? মিরাজের মাদকাসক্ত হওয়ার পেছনে কোনগুলো নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে বিশ্লেষণ করো।
উত্তর: ক. কিশোর অপরাধের প্রধান কারণ হলো দারিদ্র্য।
উত্তর: খ. চলচ্চিত্র, ইলেকট্রনিকস মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের এ যুগে আজকাল অতি সহজে এক দেশের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতি ও সে দেশের মানুষের জনজীবনের ওপর প্রভাব বিস্তার করে। ফলে একশ্রেণীর তরুণ সাংস্কৃতিক আগ্রাসনে বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদক সেবনে আকৃষ্ট হয়ে পড়ে।
উত্তর: গ. মিরাজের কিশোর অপরাধী হওয়ার পেছনে আমরা কয়েকটি কারণ দেখতে পাই। আদর-স্নেহ ও ভালোবাসার পাশাপাশি মিরাজের পিতা-মাতার কঠিন অনুশাসন, যা মিরাজ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। মিরাজের পিতা-মাতার এ আচরণ তার কাছে জটিল বলে মনে হয়েছে। বন্ধুদের সঙ্গে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। ফলে সে আস্তে আস্তে বেপরোয়া হয়ে উঠেছে। মিরাজের পিতা-মাতার ঘন ঘন কর্মস্থল পরিবর্তন তার কিশোর অপরাধী হওয়ার আরেকটি কারণ। সে কোনো স্থানেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি। বন্ধু নির্বাচনে তাকে জটিল সমস্যার মুখোমুখি করেছে। তাই না জেনে, না বুঝে খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশার প্রভাবে সে কিশোর অপরাধী হয়ে উঠেছে। পিতা-মাতার জীবন ব্যবস্থা ও ব্যস্ততা তার কিশোর অপরাধী হয়ে উঠার পেছনে দায়ী। কারণ, তারা সব সময় নিজেদের কর্মব্যস্ততাকে গুরুত্ব দিয়েছে। একটি কিশোর মনের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয়নি। শত ব্যস্ততার মধ্যেও তাদের প্রয়োজন ছিল মিরাজের দেখাশোনা করা, তার মনের চাহিদাকে বোঝা। তাহলে মিরাজের মানসিকতায় বিরূপ প্রভাব পড়ত না। মিরাজের মিশুকপ্রকৃতির কুসুম-কোমল মনের খোরাক মেটাতে না পেরে তার মধ্যে হতাশা জন্ম নেয়, সেই হতাশাই তার কিশোর অপরাধী হওয়ার ভিত রচনা করে।
উত্তর: ঘ. উদ্দীপকে মিরাজ তার খারাপ বন্ধুদের মাধ্যমে মাদকাসক্ত হয়ে পড়েছে। মিরাজের মাদকাসক্ত হওয়ার পেছনে খারাপ বন্ধুরাই প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। মাদকাসক্ত সঙ্গীদের সঙ্গে মেলামেশার মধ্য দিয়েই প্রধানত তার মাদকাসক্তির সূচনা হয়।
কৌতূহলবশত কিশোর-কিশোরীরা বন্ধুদের প্ররোচনায় পড়ে সাময়িক উত্তেজনা, মানসিক চাপ সামলানোর জন্য মাদকদ্রব্য সেবন করে। যেমনটি মিরাজের ক্ষেত্রে ঘটেছে। আস্তে আস্তে যা মিরাজের জন্য মরণ যন্ত্রণায় পরিণত হয়েছে। এ ছাড়া নিঃসঙ্গতা ও মায়ের মৃত্যুর কারণে মিরাজের মনে হতাশার সৃষ্টি হয়েছে। তাই মিরাজ এই হতাশা থেকে মুক্তি লাভের জন্য বন্ধুবান্ধবের পরামর্শে বা তাদের দেখাদেখি মাদকদ্রব্য সেবন করতে শুরু করেছে। পরে এটা তার নেশায় পরিণত হয়েছে।
আমরা জানি যে অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির পেছনে একটি বড় কারণ। চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল এক দেশের সংস্কৃতি সহজেই অন্য দেশের সংস্কৃতি ও জনজীবনকে প্রভাবিত করে। দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে পড়ে যুবসমাজের একটা অংশ বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদকে আকৃষ্ট হয়। মিরাজও ঠিক এই একই সমস্যায় অর্থাৎ সাংস্কৃতিক আগ্রাসনের বেড়াজালে আটকে পড়ে মাদকের জগতে প্রবেশ করেছে। ইন্টারনেটের মাধ্যমে তরুণদের একটা বড় অংশ অশালীন ছবি দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় তারা সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজে নিজেদের জড়িয়ে ফেলছে। এসব ছবি যে বিকৃত মানসিকতা তৈরি করে, তা সমাজজীবনে কিশোরদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। অন্যায়ের পথে পা বাড়াতে উৎসাহিত করে। মিরাজ যার বাস্তবতার শিকার।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়