জেএসসির প্রস্তুতি: মডেল টেস্ট-৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ৬০, সময়: ২ ঘণ্টা ২০ মিনিট (সৃজনশীল অংশ)
[যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও]
১. সেদিন পত্রিকার শিরোনামে জেরিন একটি দেশের দাঙ্গার খবর পড়ছে। পত্রিকার প্রথম পৃষ্ঠাজুড়ে ছিল হত্যা, ভাঙচুর আর বিশৃঙ্খলার ছবি। তা দেখে জেরিনের মনে হলো, এরা আমাদের কী সভ্যতা শিখিয়েছে? এরা তো জোর করে আমাদের শাসন করেছিল। তারা আমাদের ভারতবর্ষ থেকে পুঁজি পাচার আর শোষণ-নিপীড়নে মেতে উঠেছিল। তারা শাসক সেজে আমাদের সভ্যতা শেখাতে চেয়েছিল। জেরিনের মনে হলো, তারা সম্পদের যে প্রাচুর্য গড়ে তুলেছে, তা আমাদের দেশ থেকে নেওয়া।
ক. ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়?
খ. মুসলিম লীগ প্রতিষ্ঠার কারণ কী?
গ. উদ্দীপকে জেরিন কাদের শাসনের কথা বলতে চেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জেরিনের দৃষ্টিতে যে শাসনব্যবস্থার কথা ফুটে উঠেছে, ইতিহাসে তাদের পরিণতি কী হয়েছে? তা বিশ্লেষণ করো।
২. অধোরা ও জান্নাতুল ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন বই খোঁজাখুঁজি করতে লাগল। হঠাৎ অধোরা একটি বইয়ে কিছু অপরিচিত বাক্য দেখতে পেল। জান্নাতুল ফেরদৌস বলল, ‘রাখ রাখ, এটাই তো প্রাচীন বাংলা সাহিত্যের নমুনা। এই লেখাটাই “কা আ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চী পইঠা কাল” স্যার আমাদের একদিন ক্লাসে দেখিয়েছিলেন। ক্লাসে স্যার আরও বলেছিলেন, এ সাহিত্যকর্মের ধারাবাহিকতায় বাংলার অনেক কবি-সাহিত্যিক আধুনিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।’
ক. চর্যাপদ কে আবিষ্কার করেন?
খ. ‘কা আ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চী পইঠা কাল’-এর ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে অধোরার অপরিচিত বাক্যগুলো বাংলা সাহিত্যের কোন সাহিত্যকর্মের নমুনা ফুটে উঠেছে? এ সম্পর্কে তোমার মতামত দাও।
ঘ. উদ্দীপকে স্যারের বক্তব্য ‘এ সাহিত্যকর্মের ধারাবাহিকতায় অনেক কবি-সাহিত্যিক আধুনিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন’—তোমার বক্তব্য লিখ।
৩. খানাকুনিয়ারী গ্রামটি শিক্ষা-দীক্ষায় অনেক পিছিয়ে। ফলে গ্রামবাসী শিক্ষা-সংস্কৃতিসহ সব দিক থেকে পশ্চাৎপদ। এ গ্রামেরই এক শিক্ষিত, বিত্তবান ও প্রভাবশালী যুবক আবু বকর। সে গ্রামটিকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য গ্রামে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে। তার এ মহতী প্রচেষ্টায় ধীরে ধীরে এলাকাবাসীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এলাকাবাসী সমাজসচেতন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে। আবু বকরের অবিরত প্রচেষ্টায় গ্রামবাসী নারীশিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
ক. সংস্কৃত কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়?
খ. ভাস্কো দ্য গামা ইতিহাসে বিখ্যাত কেন? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির আলোকে ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব হয়েছিল? এ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।
ঘ. ‘আবু বকরের মতো উন্নয়নকর্মী ও সংস্কারবাদী ব্যক্তিদের কর্মতৎপরতার কারণেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয়েছে’—উক্তিটির বিশ্লেষণ করো।
৪. আফনান শহরের মধ্য দিয়ে তার বোনের বাসায় যাচ্ছে। হঠাৎ সে টাউন ক্লাবের মাঠে বিশাল এক জনসমাবেশ লক্ষ করল। সে জানতে পারল আজ একটি জাতীয় দিবস। মুহূর্তের মধ্যে তার কানে মাইকে বজ্রকণ্ঠের একটি ভাষণ শুনতে পেল, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ভাষণটি আফনানের মনে দাগ কাটে। সে জানতে আগ্রহী হয়, কিসের জন্য এ ভাষণটি। কে দিচ্ছে এই জ্বালাময়ী ভাষণ।
ক. যুদ্ধ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী বলেন?
খ. ১৯৭১ সালে আওয়ামী লীগ কেন সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে বাধ্য হয়?
গ. উদ্দীপকে আফনানের শ্রুত ভাষণটি কী কী বৈশিষ্ট্য বহন করে? ওই ভাষণের বৈশিষ্ট্যগুলো তুলে ধরো।
ঘ. আফনানের শ্রুত ভাষণটি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের পথিকৃৎ—তোমার পাঠ্যবইয়ের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো।
৫. মঈন উদ্দিন খান স্থাপত্য বিভাগে চাকরি করেন। চাকরির ফাঁকে ফাঁকে ছুটির দিনগুলোয় তিনি ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যকর্ম পর্যবেক্ষণ করেন। তিনি ঢাকা শহরের অনেক স্থাপত্যকর্মই দেখেছেন। কিন্তু ইংরেজ আমলে তৈরি কার্জন হল ভবনটি সব থেকে ব্যতিক্রম ও চিত্তাকর্ষক বলে তাঁর কাছে মনে হয়েছে। শুধু কার্জন হল নয়, ঢাকা শহরের এ রকম আরও ঔপনিবেশিক যুগের স্থাপত্যকর্ম তাঁর পর্যবেক্ষণের মাধ্যমে নতুন অভিজ্ঞতার সঞ্চার করেছে।
ক. পুরোনো হাইকোর্ট ভবনটি কোন আমলের তৈরি?
খ. প্রত্নসম্পদ বলতে কী বোঝায়?
গ. মঈন উদ্দিন খান পর্যবেক্ষণকালে ঢাকা শহরের কোন স্থাপত্যকর্ম দেখে অভিভূত হন? তার শৈল্পিক সৌন্দর্য ব্যাখ্যা করো।
ঘ. ‘ঔপনিবেশিক আমলের ঢাকা শহরের স্থাপত্যকর্মগুলো স্থাপত্যশিল্পের চমৎকার নিদর্শন’—উক্তিটির বিশ্লেষণ করো।
৬. নিচের ছকটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. সংবিধান কী?
খ. ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ কথাটি বুঝিয়ে বলো।
গ. ওপরের ছকে ‘P’ ও ‘Q’ চিহ্নিত স্থানে কোন দুটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? তাদের মধ্যকার পার্থক্য তুলে ধরো।
ঘ. ছকে ‘O’ চিহ্নিত স্থানটি কী নির্দেশ করে? নির্দেশিত বিষয়টি বিশ্লেষণ করো।
৭. তিন বন্ধু সকালে ব্যায়াম করার উদ্দেশ্যে হাঁটতে বেরিয়েছে। শহরের একটি রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ তারা নাকে দুগন্ধ পেল। তাকাতেই দেখল পাশের খাল দিয়ে ময়লা-আবর্জনা ভেসে যাচ্ছে। তখন আরিফ বলল, ‘এখানে একটি সুন্দর খাল ছিল। আমাদের ছোটবেলায় এখানে মাছ ধরতাম, গোসল করতাম। এখন এসব স্বপ্ন বলে মনে হয়।’ রাস্তা পেরিয়ে মাঠের কাছে যেতেই সকাল আকাশের দিকে কালো ধোঁয়া বেরোতে দেখে তখন আরেক বন্ধু রিপন বলল, ‘এখানে অনেক জায়গাজুড়ে বাগান ছিল। এখানে ছিল ফুরফুরে বাতাস। এখন আর এসব কিছু নেই।’ হাসিব আফসোস করে বলল, ‘বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি।’
ক. ‘গ্রিনহাউস-প্রক্রিয়া’ কী?
খ. বর্তমান বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন?
গ. উদ্দীপকে তিন বন্ধু কোন বিষয়গুলো ফুটিয়ে তুলতে চেয়েছে, বুঝিয়ে বলো।
ঘ. উদ্দীপকে তিন বন্ধুর কথায় ভেতরে যে বিষয়টি অন্তর্নিহিত রয়েছে, এর জন্য মূলত কারা দায়ী? বিশ্লেষণ করো।
৮. নুরুল ইসলাম সাত ছেলেমেয়ের জনক। তিনি একজন কৃষক। তাঁর বড় ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স করছেন। তাঁর খরচ জোগাতে তিনি হিমশিম খাচ্ছেন। মেজো মেয়েটা সবেমাত্র এইচএসসি পাস করেছেন। তাঁকে আইটি বিষয়ে পড়াবেন বলে ভাবছেন। বাকিদের নিয়ে তিনি রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাঁদের গ্রামে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে তাঁর স্ত্রী মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার ছোট রাখার প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণের সময় তিনি আরও জেনেছেন, জনসংখ্যা সব সময় অভিশাপ নয়, আশীর্বাদও হতে পারে। কেবল দরকার কৌশল পরিবর্তন।
ক. বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কী?
খ. জনসংখ্যানীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে নুরুল ইসলামের দুশ্চিন্তার মূল কারণ কী? এ সমস্যা নিরসনে বেসরকারি সংস্থাগুলো কী কাজ করছে, বুঝিয়ে বলো।
ঘ. উদ্দীপকে নুরুল ইসলামের স্ত্রী প্রশিক্ষণের সময় জনসংখ্যা সম্পর্কে যে উক্তিটি জেনেছেন, তার যথার্থতা মূল্যায়ন করো।
৯. মিরাজের মা-বাবা তাকে সব সময় কঠোর অনুশাসনের মধ্যে রাখেন। সবার সঙ্গে মিশতে দেন না। একটু সুযোগ পেলেই সে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। তার মা চাকরির ফাঁকে তাকে সময় দিতে পারেন না। হঠাৎ তার মা মারা গেলে সে অবাধে বন্ধুদের সঙ্গে মিশতে থাকে। চাকরিজীবী বাবার পক্ষে সম্ভব হয় না তার তদারক করা। বন্ধুদের প্ররোচনায় পড়ে সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়েছে। কলেজে পা রাখার পর তার বাবার অসুস্থতা, অবাধ স্বাধীনতা আর বন্ধুদের সঙ্গে অবাধ মেলামেশায় সে বিভিন্ন ধরনের মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়েছে। নানা ধরনের সমাজবিরোধী কাজে সে যুক্ত। পরিবারে তাকে নিয়ে অশান্তির শেষ নেই।
ক. কিশোর অপরাধের প্রধান কারণ কী?
খ. অপসংস্কৃতির প্রভাব কীভাবে মাদকাসক্তির বড় কারণ হতে পারে?
গ. মিরাজের কিশোর অপরাধী হওয়ার ভিত্তি কোথা থেকে রচিত হয়েছে, লিখ।
ঘ. উদ্দীপকে মিরাজ কাদের মাধ্যমে মাদকাসক্ত হয়েছে? মিরাজের মাদকাসক্ত হওয়ার পেছনে কোনগুলো নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে, বিশ্লেষণ করো।