জেনেভায় আজ থেকে ওপেন নলেজ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন নলেজবিষয়ক সম্মেলন। ‘ওপেন নলেজ সম্মেলন (ওকেসিওএন)’ শীর্ষক তিন দিনের এ আয়োজন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) আয়োজিত এ সম্মেলনে সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা ও ডেটা বিশেষজ্ঞরা নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশ্বের বিভিন্ন দেশের ওকেএফএনের দূতরাও সম্মেলনে অংশ নিচ্ছেন। ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেসকো, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সম্মেলনে মুক্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশ নেবেন। সম্মেলনে মূল বক্তা হিসেবে থাকছেন সানলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যালেন মিলার, বিশ্বব্যাংকের প্রধান ইনোভেশন কর্মকর্তা ক্রিস ভেইন, ওপেন করপোরেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস ট্যাগার্ট, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের প্রধান জয় নাইডুসহ অনেকে। মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট, ডেটা এক্সিপিডিশন, ওপেন ট্রান্সফোর্ট, ওপেন ফাইনান্স ও ডেটা জার্নালিজম বিষয়ে একাধিক সেমিনার, কর্মশালা ও হ্যাকেথন থাকছে আয়োজনে। ওপেন নলেজ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা রাফিউস পোলক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ওপেন ডেটা বেশ শক্তিশালী। সম্মেলনে এ বিষয়ে এবার বিশেষভাবে জোর দেওয়া হবে। সম্মেলনের বিস্তারিত সরাসরি জানা যাবে www.okcon.org/live ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী