জেনেভায় ইন্টারনেট পরিচালনা নিয়ে নতুন বিতর্ক
জেনেভা ও তিউনিস ঘোষণাপত্র অনুযায়ী ইন্টারনেট পরিচালনার বিষয়টি এখনো অমীমাংসিত থাকার কারণ এবং কেন আশানুরূপ অগ্রগতি এই বিষয়ে হয়নি—এ নিয়ে নতুন বিতর্কের মধ্যে পড়েছে জাতিসংঘ। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের ফলোআপ সভার তৃতীয় দিনে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ২০০৩ সালে জাতিসংঘ মহাসচিব গঠিত টাস্কফোর্স যেসব সুপারিশ করেছিল তিউনিস ঘোষণায় তার প্রতিফলন আছে এবং বলা হয়েছিল ধাপে ধাপে দেশগুলো নিজদের সুপারিশ তৈরি করে দেবে এবং আঞ্চলিক সভা আয়োজনের মাধ্যমে বিষয়টির চূড়ান্ত সমাধানে পৌঁছা যাবে। লক্ষ্যমাত্রা ২০১০ হলেও এর অগ্রগতি হতাশাব্যঞ্জক। এই বিষয়ে জাতিসংঘ এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সমাধানে পৌঁছাতে না পারায় এ বছরের সেপ্টেম্বরে নাইরোবিতে অনুষ্ঠেয় ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (আইজিএফ) ষষ্ঠ সভায় একটি সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করতে আহ্বান জানান তিনি। বিতর্ক অবসানে বিশেষত দেশগুলোর নিজস্ব টিএলডি (টপ লেভেল ডোমেইন) ব্যবস্থাপনা নিজেদের কাছে নিতে পারার সামর্থ্য থাকার পরও কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, এই নিয়ে আফ্রিকার দেশগুলো সোচ্চার হয়েছে বেশি।ফলোআপ সভার দ্বিতীয় দিনে গত মঙ্গলবার বাংলাদেশের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এই মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান তাঁর উপস্থাপনায় তিউনিস ঘোষণার আলোকে বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। পরিচালনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান। আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) প্রতিনিধি গীতাঞ্জলী শাহ, আন্তর্জাতিক খাদ্য সংস্থার প্রতিনিধি মাইকেল গিবসসহ আরও অনেকে।গতকাল বিকেলে অনুষ্ঠিত আইটিইউ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ই-হেলথ অধিবেশনে বাংলাদেশের আমাদের গ্রাম পরিচালিত স্তন-ক্যানসার কর্মসূচির ই-সেবাগুলো তুলে ধরেন প্রকল্পের পরিচালনা পর্ষদের সদস্য মোশাহিদা সুলতানা। এ অধিবেশনে আমাদের গ্রামের ই-হেলথ কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্রও দেখানো হয়। একই দিনে আঙ্কাটাড আয়োজিত অপর একটি অনুষ্ঠানে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি টি আই এম নূরুল কবীর।—রেজা সেলিম জেনেভা (সুইজারল্যান্ড) থেকে