জেনেভায় শুরু হলো গ্লোবাল আইনেট সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সোসাইটির ২০ বছর পূর্তি উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে ‘গ্লোবাল আইনেট ২০১২’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনের এ সম্মেলন আজ শেষ হচ্ছে। এর আগে ২১ ও ২২ এপ্রিল ইন্টারনেট সোসাইটির বিভিন্ন চ্যাপ্টারের দলনেতাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সম্মেলনের প্রথম দিনে জেনেভা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সিআইসিজি) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাণিতিক থিওরির জনক অধ্যাপক লেওনার্ড ক্লেনরক, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ড. হামাদুন তুরে এবং ইন্টারনেট সোসাইটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লিন আমুরসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি তাদের যাত্রা শুরু করে। সে সময়ের ইন্টারনেট ব্যবহার এবং বর্তমান সময়ের ইন্টারনেটের ব্যবহারের কারিগরি দিকগুলো দেখলেই সহজে অনুমান করা যায়, ইন্টারনেট কোথায় যাবে। ইন্টারনেট সোসাইটির যাত্রা ‘সবার জন্য ইন্টারনেট’ স্লোগান নিয়ে শুরু হলেও এখন পৃথিবীর অনেক জায়গায় ইন্টারনেটের অধিকার নিশ্চিত করা যায়নি। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) পরিচালক জেনারেল প্রান্সিন গুরি, মজিলা প্রকল্পের দলনেতা মিচেল বেকার, গুগলের ভাইস প্রেসিডেন্টসহ ইন্টারনেট বিশ্বের সেরা ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় ‘গভর্নেন্স ইন এন ইন্টার নেটওয়ার্কড ওয়ার্ল্ড’ শীর্ষক গোলটেবিল বৈঠক। গোলটেবিলে বিভিন্ন দেশের ই-গভর্নেন্স বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনে সারা পৃথিবীতে ইন্টারনেটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে। সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত আছেন আইইই স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্টিভ মিলস, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের (আইইটিএফ) চেয়ারম্যান রাসেল হাউসলে, আইকান বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ড. স্টিফেন কোর্কার, ডিজিটাল ব্রিজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রফেসর রেমন্ড আকুলি, সিসকোর ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল টেকনোলজি পলিসি) রবার্ট পিপার, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল ফ্রান্সিস গুরিসহ ইন্টারনেট জগতের খ্যাতনামা ব্যক্তিরা। সম্মেলনে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার থেকে সৈয়দ ফয়সাল হাসান ও মোহাম্মদ কাওছার উদ্দিন অংশ নিয়েছেন। —ইন্টারনেট সোসাইটি ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী