জেফ বানাবেন ২০০ ফুট উঁচু ঘড়ি!
২০০ ফুট উচ্চতার একটি ঘড়ি নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান আমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। ওয়াল স্ট্রিট জার্নাল এক খবরে এ তথ্য জানিয়েছে।বিশাল আকারের এ ঘড়িতে সেকেন্ড, মিনিট, ঘণ্টার পাশাপাশি দিন, মাস, বছর ও সহস্রাব্দের হিসেবও থাকবে।ঘড়িটি তৈরি করতে খরচ হবে প্রায় চার কোটি ২০ লাখ ডলার। প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোস তাঁর এ ঘড়িটিকে ১০ হাজার বছরেরও বেশি সময় টিকিয়ে রাখার পরিকল্পনা করেছেন। ঘড়িটির নামও হবে তাই ‘দ্য ১০,০০০ ইয়ার ক্লক’। পশ্চিম টেক্সাসের পাহাড়ি অঞ্চলে ঘড়িটি নির্মাণের পরিকল্পনা করেছেন বেজোস।গ্র্যন্ডফাদার ক্লকের আদলে এ বৃহদাকার এই ঘড়িটি বানানো হবে, যা বছর, যুগ এমনকি শতাব্দী পূর্তিতেও কোকিলের মতো আওয়াজ করবে।ঘড়ি তৈরির পরিকল্পনা প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে বেজোস বলেছেন, ‘আমার দীর্ঘ দিনের চিন্তার ফসল এই ঘড়ি। চিন্তা ও দায়িত্ববোধের ধারণা থেকেই এই ঘড়িটি নির্মাণ করা হচ্ছে।’বেজোস আরও জানিয়েছেন, ‘আমরা প্রযুক্তি ব্যবহারের দিক থেকে এতটাই এগিয়ে গিয়েছি যে আমরা ক্রমেই নিজেদের বিপজ্জনক করে তুলছি। তাই ভবিষ্যতে মানবতার ক্ষেত্রটি নিয়ে ভাবার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’