মহাকাশ ভ্রমণে জেফ বেজোসের সঙ্গী হতে চাইলে অংশ নিতে হবে নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট ভাইকে সঙ্গে নিয়ে মহাকাশ ভ্রমণে যাবেন জেফ বেজোস
রয়টার্স

মহাকাশে যাবেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সঙ্গে যাবেন তাঁর ছোট ভাই মার্ক। যে নভোযানে মহাকাশে যাচ্ছেন তাঁরা, সেটির একটি আসন নিলামে তোলা হয়েছে। চলছে দর–হাঁকাহাঁকি। অর্থাৎ সর্বোচ্চ দরদাতা হলে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষায় উতরে গেলে মহাকাশ ভ্রমণে আপনিও হতে পারেন জেফ বেজোসের সঙ্গী। খরচটা অবশ্য একদম কম পড়বে না।

অ্যাপোলো ১১ অভিযানে চাঁদে মানুষের পদার্পণের ৫২তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২০ জুলাই মানুষ নিয়ে প্রথমবারের মতো মহাকাশে অভিযান পরিচালনা করবে বেজোসের রকেট ইঞ্জিন তৈরির প্রতিষ্ঠান ব্লু অরিজিন। আর প্রথম সে যাত্রায়ই মহাকাশে যেতে চান তিনি।

সংক্ষিপ্ত সে যাত্রায় ‘নিউ শেপার্ড’ নামের নভোযানে বেজোস, তাঁর ভাইসহ সব মিলিয়ে ছয় নভোচারী যাবেন। নিলামে যিনি জিতবেন, তিনি এই ছয়জনেরই একজন হবেন। মূল অভিযানের চার দিন আগে প্রশিক্ষণে অংশ নিতে দক্ষিণ টেক্সাসে পৌঁছানোর কথা আছে নভোচারীদের।

নিউ শেপার্ড এ পর্যন্ত ১৫ বার পরীক্ষামূলক উড্ডয়ন করেছে। তার একটিতেও অবশ্য যাত্রী ছিল না।

ব্লু অরিজিন জানিয়েছে, এ পর্যন্ত ১৪৩টি দেশের ছয় হাজারের বেশি মানুষ বেজোসের সঙ্গে মহাকাশ ভ্রমণের জন্য নিলামে অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছে ৩৫ লাখ ডলার।

যেভাবে অংশ নিতে পারেন নিলামে

আগেই বলা হয়েছে, খরচটা একদম কম নয়। তবু যদি নিলামে অংশ নিতে চান, তো দেখে নিতে পারেন অংশ নেওয়ার নিয়ম।

তিনটি ভাগে নিলাম অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে যেকেউ যেকোনো পরিমাণ দর উল্লেখ করতে পারতেন। তখন কারও দর কেউ দেখতে পেত না। এ পর্ব গত ১৯ মে শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্বের দর প্রস্তাব চলছে। সর্বোচ্চ দর উল্লেখ করা আছে ব্লু অরিজিনের ওয়েবসাইটে। নতুন দর প্রস্তাব করতে চাইলে সেটির চেয়ে বেশি হতে হবে। এই পর্ব শেষ হবে ১০ জুন।

নিলামে দর প্রস্তাবের জন্য ব্লু অরিজিনের ওয়েবসাইটে যেতে হবে। শুরুতেই সর্বোচ্চ দরের উল্লেখ পাবেন। আর তার নিচেই নতুন দর উল্লেখ করার অপশন পাবেন। চাইলে নিবন্ধন সেরে নিলামে অংশ নিতে পারবেন।

নিলামের চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে ১২ জুন। অনলাইনে হলেও সেটি চলবে সরাসরি।

নিলামে যে অর্থ পাওয়া যাবে, তা ব্লু অরিজিনের ক্লাব ফর দ্য ফিউচার ফাউন্ডেশনে দান করা হবে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা আছে। এ তহবিল ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে আগ্রহী করে তুলতে ব্যয় করা হবে।

ইনস্টাগ্রামে অভিযানের ঘোষণা দিয়ে বেজোস লেখেন, ‘সেই পাঁচ বছর বয়স থেকে আমি মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখছি।’ অভিযানটিকে তিনি ‘সেরা বন্ধুর সঙ্গে সেরা অ্যাডভেঞ্চার’ হিসেবে উল্লেখ করেন।

ব্লু অরিজিনের নিউ শেপার্ড নামের নভোযানে মহাকাশে যাবেন বেজোস
রয়টার্স

বেশ সংক্ষিপ্ত অভিযান

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ শেপার্ড সাব–অরবিটাল রকেট। অর্থাৎ অভিযানটি বেশ সংক্ষিপ্ত হবে। উড্ডয়ন থেকে অবতরণ বড়জোর ১৫ মিনিটের হতে পারে। ভূমি থেকে প্রায় ৪৭ মাইল ওপরে গিয়ে বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রকেটের যাত্রীবাহী অংশটি। সে অংশ অবশ্য কারমান লাইন পর্যন্ত যাবে। ভূপৃষ্ঠ থেকে ৬২ মাইল ওপরের এই স্তরকে মহাকাশের সীমানা বলা যেতে পারে।

সে সময় নভোচারীরা আসন থেকে নিজেদের মুক্ত করে মিনিট তিনেকের জন্য ভরশূন্যতার অভিজ্ঞতা নিতে পারবেন। এরপর পৃথিবীর পানে ফিরতি পথে যাত্রা শুরু হবে। সংক্ষিপ্ত সে যাত্রায় নভোচারীদের বিশেষ স্পেস স্যুট বা হেলমেটের প্রয়োজন হবে না বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

জেফ বেজোস গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেন, আমাজনে নির্বাহী চেয়ারম্যানের ভূমিকা নিয়ে আগামী ৫ জুলাই প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে দেবেন তিনি। এরপর ব্লু অরিজিনসহ নিজের অন্য উদ্যোগগুলোয় তিনি আরও ‘সময় ও শক্তি ব্যয়’ করার কথা বলেছিলেন।

বলা যায়, আমাজনের মূল দায়িত্ব থেকে অবসর নিয়ে ছোট ভাইকে নিয়ে মহাকাশে বেড়াতে যাবেন জেফ বেজোস। আর সে যাত্রায় যুক্ত হওয়ার সুযোগ আছে আপনারও।