‘অমুক জেলার ছেলেরা এমন হয়’, ‘অমুক জেলার মেয়েরা এমন হয়’—সম্প্রতি এ ধরনের পোস্টের বন্যা বয়ে যাচ্ছে ফেসবুকে। এসব পোস্টে যা বলা হয়, আসলেই কি তা ঠিক? বেশির ভাগই আসলে মিষ্টি মিষ্টি মনভোলানো কথায় ভরপুর। তবে সত্যি সত্যি এক জেলার মানুষ অন্য জেলার মানুষ সম্পর্কে কী ধারণা পোষণ করে?
জানাচ্ছেন মো. মিকসেতু
আপনার বাড়ি ঢাকা জেলায় হলে...
ঢাকার পোলা ‘ভেরি ভেরি স্মার্ট’।
আপনারা জীবনের অর্ধেকটা সময়ই কাটান যানজটে বসে।
আপনারা যা–ই খান, সবই ভেজাল।
আপনার বাড়ি চট্টগ্রাম জেলায় হলে...
শোনা যায়, গরুর গোশত বলতে আপনারা অজ্ঞান।
আপনাদের কথা বুঝতে নাকি সাবটাইটেল লাগে।
বিয়ের ক্ষেত্রে হোমগ্রাউন্ডই আপনাদের বেশি পছন্দ বলে গুঞ্জন আছে।
আপনার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় হলে...
যেকোনো মুহূর্তে গুম হওয়ার আশঙ্কা মাথায় নিয়ে ঘুরতে হয় আপনাকে।
স্কুল-কলেজ পেরোলেও কানে ধরার অভ্যাস বজায় রাখতে হয়।
বিচার পাবেন এমন স্বপ্ন দেখা আপনাদের জন্য নিষিদ্ধ।
আপনার বাড়ি বরিশাল জেলায় হলে...
আপনাদের বুদ্ধির ‘সুনাম’ দেশ–বিদেশে ছড়িয়ে গেছে।
এক এলাকায় ‘মনু’ নামের এত বেশি লোক আর কোথাও নেই।
জাতীয় জীবনে সদরঘাটের গুরুত্ব অনস্বীকার্য।
আপনার বাড়ি নোয়াখালী জেলায় হলে...
জলে-স্থলে-অন্তরিক্ষে এমনকি চাঁদেও আপনাদের উপস্থিতি লক্ষ করা যায় বলে শুনবেন।
খাওয়া–দাওয়া শেষেই বিদায় নেন বলে আপনাদের ‘সুনাম’ আছে।
লোকে বলে, পাঁচ টাকার নোটের মধ্যে আপনারাই ‘হাঁস–টিয়া’ খুঁজে পান।
আপনার বাড়ি রংপুর জেলায় হলে...
আপনাদের এলাকার নাম ‘অংপুর’, কিন্তু লোকে বলে রংপুর।
কোনো কারণ ছাড়াই আপনাকে ‘মফিজ’ উপাধি পেতে হবে।
মাঝেমধ্যে আপনাদের চারিত্রিক সারল্য ও জ্যামিতির সরল রেখার মধ্যে মিল খুঁজে পায় অনেকে।
আপনার বাড়ি সিলেট জেলায় হলে...
ঢাকার বাস ধরার চেয়ে লন্ডনের প্লেন ধরাই নাকি আপনাদের কাছে সহজ।
আপনাদের এলাকায় গেলে কাকও ‘খা খা’ করে ডাকে বলে গুজব আছে।
শোনা যায়, চায়ের পাশাপাশি আপনাদের জেলায় অর্থমন্ত্রীদেরও বাম্পার ফলন হয়!
আপনার বাড়ি দেশের যে জেলাতেই হোক না কেন...
অন্য জেলার লোকজন নিয়ে ঠাট্টা-মশকরা করতে ভোলেন না।
বাংলাদেশ ক্রিকেটে ভালো করলে উল্লাস করেন একসঙ্গে।
চোখ বন্ধ করে উপভোগ করেন রাজনীতির অন্তহীন টেস্ট ম্যাচ।