জেলা তথ্য কর্মকর্তারা কাজ করবেন ডিজিটাল বাংলাদেশের দূত হিসেবে
জেলা তথ্য কর্মকর্তাদের জন্য ডিজিটাল বাংলাদেশবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মাহফুজুর রহমান ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফরহাদ হোসেন।কর্মশালায় প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, ‘জেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জেলা তথ্য কর্মকর্তারা দূত হিসেবে কাজ করবেন। নতুন নতুন ই-সেবা সম্পর্কে মাঠপর্যায়ের মানুষকে জানাবেন তাঁরা।পাশাপাশি জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা সম্পর্কে সরকারকে জানাবেন।’ এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, যত দ্রুত বেশি মানুষকে যুক্ত করতে পারবেন, তত দ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে। খবর বিজ্ঞপ্তির।এই প্রশিক্ষণের পর তথ্য কর্মকর্তারা ডিজিটাল বাংলাদেশবিষয়ক বিভিন্ন উদ্যোগ, ই-সেবা, সেবা ব্যবহারের প্রক্রিয়া এবং সুফল সম্পর্কে উঠান বৈঠক, ভিডিওচিত্র ও পোস্টারের মাধ্যমে তৃণমূলের জনগণকে অবহিত করবে। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা তথ্য অফিস, চারটি উপজেলা তথ্য অফিস এবং সদর দপ্তরের ১২ জনসহ মোট ৮০ জন কর্মকর্তাকে দুই ব্যাচে ভাগ করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।