জেলার নারী উদ্যোক্তাদের জন্য প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের একত্র করতে একটি নতুন প্রকল্প চালু করতে যাচ্ছে মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, এশিয়া ফাউন্ডেশন ও ব্যবসায়ী নারীদের জেলাভিত্তিক ফোরাম (ডিডব্লিউবিএফএস)। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উদ্ভাবনী সহায়তায় নারী উদ্যোক্তাদের এগিয়ে চলা’ শীর্ষক এ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলায় একটি আধুনিক প্রযুক্তি ও সহজতর মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলে জেলা পর্যায়ের নারী উদ্যোক্তাদের একত্র করে ব্যবসায়িক সরঞ্জাম সরবরাহ করা হবে।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলালিংকের বিপণন পরিচালক সোলায়মান আলম, বিটুবি হাই ভ্যালু অ্যান্ড ইন্টারন্যাশনাল রোমিংয়ের প্রধান শিবলী জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ব্যবসায়িক ভাবনা ও এর সফল বাস্তবায়নে বিদ্যমান এবং সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের সহায়তায় প্রকল্পের মূল উপাদান হিসেবে একটি ব্যবসায় নির্দেশিকা তৈরি করা হবে। এই নির্দেশিকায় সরকারি ও বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের যোগাযোগ-সংক্রান্ত তথ্য থাকবে। এই মোবাইল নেটওয়ার্কিং প্লাটফর্ম নারী-উদ্যোক্তাদের জন্য তথ্যভান্ডার এবং হাতিয়ার হিসেবে কাজ করবে। তথ্য সরবরাহ সেবা ছাড়াও এই প্রকল্প মোবাইল ফিন্যান্স সেবা প্রদান করবে। অনলাইনে পণ্য কেনাবেচার জন্য থাকছে এসএমএস ও অ্যাপসভিত্তিক সেবা।
এ প্রকল্প এশিয়া ফাউন্ডেশন এবং রংপুর, রাজশাহী, সিলেট ও বরিশাল জেলার নারী ব্যবসায়ীদের সমন্বিত একটি প্রয়াস।
—নিজস্ব প্রতিবেদক