পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী
জেলায় জেলায় হবে প্রশিক্ষণ প্রতিষ্ঠান
তরুণ তথ্যপ্রযুক্তি শিক্ষার্থীদের জাপানসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের লক্ষ্যে ‘বাংলাদেশ আইটি ট্যালেন্ট কনটেস্ট ২০১৪’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা বিজনেস পার্টনার (বিবিপি) জাপানের উদ্যোগে এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নির্বাচিত ২০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ ও উন্নত বিশ্বের শ্রমবাজারের উপযোগী হিসেবে গড়ে তুলতে দেশের প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের প্রেস মিনিস্টার হিরুইউকি মিনামি, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, জাইকার প্রতিনিধি সোয়োশি কানো, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, বাংলা বিজনেস পার্টনার, জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকিসহ অনেকে।
এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এটি চারটি ধাপে সম্পন্ন হয়েছে। নির্বাচিত ২০ জন হচ্ছেন কামরুল কাউনাইন, সামিহা সামরোজ, মো. নওশাদ করিম, মোহাম্মদ আফতাব উদ্দিন, মো. রফি উদ্দিন, শোভন পাউলিনাস রোজারিও, বজলুর রহমান, দীপক চাকমা, তানজির উল ইসলাম, সুহূদ অনির্বাণ, ফেরদৌস হক, মো. মাসুদ রানা, মো. শরিফুল ইসলাম, রেজাউল করিম, মুফ্ল ইবনুন, মুহাম্মদ তাসনিম মহিউদ্দিন, শাহিদুর রহমান, তানভির আহমেদ খান, মাশরুরা তাসনিম ও মো. শামসুদ্দোহা। ছয় মাসের মধ্যে এই ২০ জন নির্বাচিত প্রতিযোগীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে আয়োজকেরা জানান।নির্বাচিতদের পেশাদার এবং জাপানি ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। —রাহিতুল ইসলাম