জৈবপ্রযুক্তি ও চিকিৎসা গবেষণায় নতুন মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএনএ বিন্যাসক্রম পরিবর্তনের নতুন প্রযুক্তি বা পদ্ধতিটি পূর্ববর্তী বিভিন্ন সীমাবদ্ধতা দূর করবে
ডিএনএ বিন্যাসক্রম পরিবর্তনের নতুন প্রযুক্তি বা পদ্ধতিটি পূর্ববর্তী বিভিন্ন সীমাবদ্ধতা দূর করবে

মার্কিন বিজ্ঞানীরা এবার ডিএনএ বিন্যাসক্রম পরিবর্তনের কাজে একটি শক্তিশালী নতুন প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, এই পদ্ধতি ডিএনএ বিন্যাসক্রম পরিবর্তনের কাজে আগে ব্যবহূত যেকোনো প্রযুক্তির তুলনায় বেশি কার্যকর হবে। ফলে জৈবপ্রযুক্তি ও চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে।
নিউক্লিক অ্যাসিড রিসার্চ সাময়িকীর অনলাইন সংস্করণে এই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ও যুক্তরাষ্ট্রের দ্য স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের (টিএসআরআই) রসায়নের অধ্যাপক কার্লোস এফ বারবাস বলেন, যেকোনো ডিএনএ বিন্যাসক্রম পরিবর্তনের কাজে নতুন এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। এটি জীববিজ্ঞান গবেষণায় এমন পরিবর্তন আনবে, যা হয়তো কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি।
ডিএনএ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যক্রম নিয়ন্ত্রণকারী আণবিক একক জিনের ধারক। জীববিজ্ঞানীরা কোনো নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীকোষের ডিএনএ সংশ্লিষ্ট একগুচ্ছ প্রোটিন বিভিন্ন প্রয়োজনে পরিবর্তন, পরিবর্ধন, প্রতিস্থাপন ও অপসারণ করে থাকেন। কখনো কখনো তাঁরা এসব কোষের জিন নকশায় পরীক্ষামূলক পরিবর্তন করে থাকেন। জৈবপ্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণা এবং জিনগত রোগের চিকিৎসায় এ ধরনের পরিবর্তনের প্রয়োজন পড়ে। এসব ক্ষেত্রে নতুন প্রযুক্তি বা পদ্ধতিটি পূর্ববর্তী বিভিন্ন সীমাবদ্ধতা দূর করবে বলে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা দাবি করছেন।
জীবন্ত প্রাণীকোষের ডিএনএ বিন্যাসক্রম পরিবর্তনের কাজে পরিপূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের বিষয়টি অণুজীব বিজ্ঞানীদের দীর্ঘদিনের স্বপ্ন। বর্তমান উদ্ভাবনের ফলে তাঁদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চারা গাছে বিভিন্ন রোগ সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত প্রোটিনের ওপর গবেষকেরা আগেই নিয়ন্ত্রণ আরোপে সমর্থ হয়েছিলেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি জিনের তৎপরতা বাড়িয়ে দিয়ে আক্রমণকারী ব্যাকটেরিয়াকে দুর্বল করে দেওয়া হয়। বিজ্ঞানীরা দেখতে পান, নির্দিষ্ট কয়েকটি প্রোটিন পরিবর্তনের কৌশল অবলম্বনের মাধ্যমে ডিএনএ নকশায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব।
বারবাস ও তাঁর সহযোগীরা গবেষণাগারে ডিএনএ বিন্যাসক্রম পরিবর্তনকারী হাজার হাজার প্রোটিন অণুর অভ্যন্তরীণ গঠন পরিবর্তনের কাজ করেন। সংশ্লিষ্ট গবেষক ব্রায়ান এম ল্যাম্ব বলেন, নতুন পদ্ধতি উদ্ভাবনের ফলে উপকারী প্রোটিনগুলোকে আরও বড় পরিসরে কাজে লাগানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সায়েন্সডেইলি।